নেতানিয়াহুর কফিশপের ভিডিও ঘিরে তোলপাড়, ‘এআই ডিপফেক’ না বাস্তব—জল্পনা থামছেই না

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)-র অবস্থান ও নিরাপত্তা নিয়ে গুঞ্জনের মধ্যেই তার একটি নতুন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওটি প্রকাশের পর অনেক ব্যবহারকারী দাবি করতে শুরু করেন, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হতে পারে।

গত সপ্তাহে আরেকটি ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই নেতানিয়াহুকে ঘিরে নানা জল্পনা শুরু হয়। ওই ভিডিওতে তার এক হাতে ছয়টি আঙুল দেখা গেছে—এমন দাবি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানবিরোধী যৌথ যুদ্ধ এবং তেহরানের পাল্টা হামলায় পুরো উপসাগরীয় অঞ্চল অস্থিতিশীল হয়ে ওঠে, যার প্রেক্ষাপটে তার নিরাপত্তা নিয়ে গুঞ্জন আরও তীব্র হয়।

এর মধ্যেই নতুন করে বিতর্কের সূত্রপাত ঘটে যখন ইসরাইলি প্রধানমন্ত্রীর অফিসিয়াল এক্স (X) অ্যাকাউন্টে একটি ব্যঙ্গাত্মক ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটিতে তাকে রাস্তার পাশের একটি ছোট দোকানে কফি অর্ডার করতে দেখা যায়। এক ব্যবহারকারীর প্রশ্নের উত্তরে এক্সের এআই চ্যাটবট ‘গ্রোক’ এই ভিডিওকে ‘এআই-নির্মিত’ কনটেন্ট বলে দাবি করে।

ভিডিওতে দেখা যায়, নেতানিয়াহু জেরুজালেম পাহাড় অঞ্চলের দ্য সাতাফ (The Sataf) ক্যাফেতে কফি অর্ডার করছেন। তাকে কফি দেওয়ার সময় তিনি বলেন, ‘গ্রেট… ধন্যবাদ।’ এরপর ভিডিও ধারণকারীকে তিনি জিজ্ঞেস করেন, ‘তুমি আমাকে কী জিজ্ঞেস করেছিলে?’

যখন তাকে জানানো হয় যে গণমাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে, তখন তিনি রসিকতা করে বলেন, ‘আমি কফির জন্য মরছি।’ ভিডিওটি মূলত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তার মৃত্যুর গুজবের প্রতি ইঙ্গিত করেই প্রকাশ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে ভিডিওটি ঘিরে বিতর্ক আরও বাড়ে যখন এক্সের এআই চ্যাটবট গ্রোক (Grok) এক ব্যবহারকারীর প্রশ্নের উত্তরে দাবি করে, এটি এআই দিয়ে তৈরি একটি ডিপফেক ভিডিও। চ্যাটবটটির ভাষ্য অনুযায়ী, ‘এটি এআই-নির্মিত। এটি বেনিয়ামিন নেতানিয়াহুর একটি ডিপফেক ভিডিও, যেখানে তাকে একটি কফিশপে বসে কফি পান করতে করতে ইরান বা লেবানন সংক্রান্ত সামরিক অভিযান নিয়ে কথা বলতে দেখা যাচ্ছে—এমন কোনো বাস্তব ঘটনা নেই।’

কিছু সামাজিক মাধ্যম ব্যবহারকারীও ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেন, ‘ম্যাজিকের মতো পকেট… কাপের কফি যেন মাধ্যাকর্ষণ অমান্য করছে… কাউন্টারের পেছনে মুখোশ পরা ক্রেতা—ভালো চেষ্টা… কিন্তু নয়।’

আরেকজন ব্যবহারকারী দাবি করেন, ভিডিওতে নেতানিয়াহু নিচে তাকানোর পর তার মুখের আকৃতি বদলে যাচ্ছে—প্রথমে গোল, পরে ডিম্বাকৃতি হয়ে যাচ্ছে। এসব পর্যবেক্ষণের ভিত্তিতে অনেকেই ভিডিওটিকে সন্দেহের চোখে দেখছেন।

গ্রোকও পরে আরেক উত্তরে একই দাবি পুনর্ব্যক্ত করে লিখেছে, ‘হ্যাঁ, শতভাগ নিশ্চিত—এটি একটি উন্নত এআই ডিপফেক।’

তবে বিতর্কের মধ্যে জেরুজালেমের যে ক্যাফেতে ভিডিওটি ধারণ করা হয়েছে বলে বলা হচ্ছে, সেই দ্য সাতাফ (The Sataf) ক্যাফে তাদের ইনস্টাগ্রাম পেজে নেতানিয়াহুর কফি পান করার একটি ছবি প্রকাশ করেছে।

ছবির ক্যাপশনে তারা লিখেছে, ‘আজ সাতাফে প্রধানমন্ত্রী ও তার দপ্তরকে আতিথ্য দিতে পেরে আমরা খুবই আনন্দিত! এখন জানলেন কোন বেকারিতে আসতে হবে।’

সূত্র : এনডিটিভি (NDTV)