বিটিভিতে প্রথম একক আড্ডা, নিজের জীবনের গল্প নিয়ে আসছেন ববিতা

বাংলাদেশের সিনেমার জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী ববিতা (Bobita) এবারই প্রথম বাংলাদেশ টেলিভিশনের একটি একক আয়োজনে নিজের জীবনের নানা গল্প নিয়ে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছেন। তাকে ঘিরে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ এই অনুষ্ঠানের নাম রাখা হয়েছে ‘ববিতা-অপরাজিতা’।

অনুষ্ঠানটির পরিকল্পনা ও উপস্থাপনা করেছেন জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক শফিউল আলম বাবু (Shafiyul Alam Babu)। আর অনুষ্ঠানটির গ্রন্থনা ও গবেষণার দায়িত্বে ছিলেন মো. শাহরীয়ার জামান।

শফিউল আলম বাবু জানান, ববিতাকে নিয়ে বাংলাদেশ টেলিভিশনে এটাই প্রথম কোনো একক কথোপকথনভিত্তিক আয়োজন, যেখানে তিনি নিজের জীবনের নানা অভিজ্ঞতা ও স্মৃতির কথা তুলে ধরবেন। এই বিশেষ অনুষ্ঠানের উপস্থাপনা করার সুযোগ পেয়ে তিনি নিজেও ভীষণ উচ্ছ্বসিত।

গত ১৬ মার্চ ঢাকার রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (Bangladesh Television)-এর নিজস্ব স্টুডিওতে ‘ববিতা-অপরাজিতা’ অনুষ্ঠানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানটি নিয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে ববিতা বলেন, “এর আগে বিটিভি থেকে আমাকে বহুবার ডাকা হয়েছিল। কিন্তু সেই সময়টাতে সিনেমার কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকতাম যে আলাদা করে সময় বের করে বিটিভিতে যাওয়া হয়ে উঠত না।”

তিনি আরও বলেন, “বিটিভির ‘ছায়াছন্দ’ অনুষ্ঠানটি আমার খুব প্রিয় ছিল। কারণ আমার নতুন কোনো সিনেমা মুক্তি পেলেই বিটিভিতে সেই সিনেমার গান প্রচার করা হতো। এবার একুশে পদকে ভূষিত হওয়ার পর শফিউল আলম বাবু আমার সঙ্গে যোগাযোগ করেন। তখন মনে হলো এবার বিটিভির আয়োজনে অংশ নেওয়া যায়।”

এই আয়োজনের প্রশংসা করে ববিতা বলেন, “সব মিলিয়ে বিটিভির এই অনুষ্ঠানে অংশ নিয়ে আমার খুব ভালো লেগেছে। অনুষ্ঠানের নামটাও খুব সুন্দর। এজন্য বিটিভি কর্তৃপক্ষ এবং শফিউল আলম বাবুকে ধন্যবাদ জানাই।”

ববিতা জানান, ঈদের দ্বিতীয় দিন ‘ববিতা-অপরাজিতা’ অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে প্রচার করা হবে।

উল্লেখ্য, সম্প্রতি ববিতা একুশে পদক পাওয়ায় তাকে সম্মাননা দিয়েছে চ্যানেল আই (Channel i)।