‘জনগণের সরকার হয়ে উঠতে পারেনি বিএনপি’—মাহমুদা মিতুর কঠোর সমালোচনা

বিএনপি সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু (Dr. Mahmuda Mitu)। বৃহস্পতিবার (১৯ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে তিনি লেখেন, সরকার গঠনের পর থেকে বিভিন্ন পদক্ষেপে বারবার প্রমাণ হয়েছে যে, বিএনপি এখনো জনগণের সরকার হয়ে উঠতে পারেনি। ‘এই জুলাই দেখেও তারা শিক্ষা গ্রহণ করলো না’—এমন মন্তব্যও করেন তিনি।

নিজের অবস্থান ব্যাখ্যা করে মাহমুদা মিতু বলেন, তিনি বিরোধী দলের একজন কর্মী হিসেবে সরকারের ভুল-ত্রুটি তুলে ধরা নিজের দায়িত্ব মনে করেন। ‘আমি সেটাই করি, যৌক্তিকভাবে, তথ্য দিয়ে। কিন্তু সেজন্য বিএনপির কর্মীরা, দলীয় পোস্টেড নেতারা আমাকে যে নোংরাভাবে আক্রমণ করে সেটা আপনারা সবাই জানেন। কিন্তু তাতে আমি আমার কলম কিংবা কণ্ঠ কোনোটাই থামাবো না, ইনশাআল্লাহ।’

তিনি প্রশ্ন তোলেন, গরিব ও অসহায় মানুষের জন্য বরাদ্দ সহায়তা যদি সরাসরি দলীয় সংগঠনের নেতাদের হাতে তুলে দেওয়া হয়, তা কতটা গ্রহণযোগ্য।

সাম্প্রতিক প্রশাসনিক নিয়োগ প্রসঙ্গেও তীব্র সমালোচনা করেন তিনি। তার ভাষায়, মেয়র, জেলা পরিষদসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে দলীয় নিয়োগ দেওয়া হচ্ছে—যা পরিবর্তনের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক। ‘আমরা তো দুর্নীতি, অনিয়ম আর স্বজনপ্রীতির বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। নিজের শখের ডাক্তারি ছেড়ে দেশ পরিবর্তনের নেশায় মাঠে নেমেছিলাম। কি লাভ হলো? শুধু শুধুই জুলাই এসে হাজার মায়ের বুক খালি করলো।’

তিনি আরও লেখেন, ‘যে প্রধানমন্ত্রী গরিবদের হক দলীয় কর্মীদের হাতে তুলে দেয়, সে আর যাই হোক জনগণের প্রধানমন্ত্রী হতে ব্যর্থ।’ একই সঙ্গে প্রধানমন্ত্রীর দৃঢ় অবস্থানের অভাব নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

সবশেষে তিনি মন্তব্য করেন, ‘রাজা যদি সিংহের মতো না হয়ে পাপেট হয়, তাহলে সমালোচনা চোখ বন্ধ করে সহ্য করা ছাড়া আর উপায় কী?’