রাজধানীতে জ্বালানি তেলের সংকট, দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মিলছে না তেল

রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকেই শহরের বেশিরভাগ পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন দেখা যায়, তবে সেই লাইনে দাঁড়িয়েও অনেককে ফিরতে হচ্ছে খালি হাতে।

সরেজমিনে রাজধানীর আসাদগেট এলাকায় গিয়ে দেখা যায়, তেল নেওয়ার অপেক্ষায় থাকা যানবাহনের সারি পাম্প ছাড়িয়ে জিয়া উদ্যানের দিক পর্যন্ত বিস্তৃত। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পরও অনেক পাম্পে তেল সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

পাম্প কর্তৃপক্ষ জানাচ্ছে, ডিপো থেকে তেল আসার নির্দিষ্ট সময় সম্পর্কে তারা নিশ্চিত নন। ফলে এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরেও অধিকাংশ জায়গায় ‘তেল নেই’ লেখা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন গ্রাহকরা।

বর্তমানে সাধারণ মানুষের মধ্যে ‘প্যানিক বায়িং’ বা আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই আশঙ্কা করছেন, আগামী কয়েকদিন সংকট আরও বাড়তে পারে—এই ভাবনা থেকেই প্রয়োজনের তুলনায় বেশি তেল সংগ্রহের চেষ্টা করছেন। এতে করে পাম্পগুলোতে চাপ আরও বেড়ে যাচ্ছে এবং লাইনের দৈর্ঘ্য দীর্ঘ হচ্ছে।

পাম্প মালিকদের ভাষ্য, ঈদের ছুটির কারণে ব্যাংক ও ডিপো বন্ধ থাকায় পেমেন্ট জটিলতা তৈরি হয়েছিল, যা সাময়িক সংকটের কারণ হয়ে দাঁড়ায়। যদিও এখন ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক হয়েছে, তবে চাহিদা হঠাৎ বেড়ে যাওয়াই মূল সমস্যা হিসেবে দেখা দিচ্ছে।

তাদের দাবি, গ্রাহকরা প্রয়োজনের চেয়ে বেশি তেল নিচ্ছেন, ফলে অল্প সময়েই স্টক শেষ হয়ে যাচ্ছে। তবে ডিপো থেকে নতুন করে তেল সরবরাহ শুরু হলেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা।