মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (Bangladesh Nationalist Party)-এর চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)।
বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এই ডাকটিকিট উন্মোচন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি জানান, প্রধানমন্ত্রী সকাল ৯টা ২ মিনিটে সচিবালয়ে উপস্থিত হন এবং সেখানে কিছু দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করেন। এরপর নির্ধারিত সময়েই স্মারক ডাকটিকিটটি উন্মোচন করেন।
ডাকটিকিট উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম (Fakir Mahbub Anam), ডাক সচিব আব্দুন নাসের খান (Abdun Naser Khan) এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম (Kazi Asadul Islam)।
এদিন প্রধানমন্ত্রীর কর্মসূচির মধ্যে মন্ত্রিসভার বৈঠকও রয়েছে। বিকাল ৪টায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, সাধারণত প্রতি সপ্তাহের বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এবার স্বাধীনতা ও জাতীয় দিবস বৃহস্পতিবার পড়ায় বৈঠকটি একদিন এগিয়ে আনা হয়েছে।
