যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান: নিজ শর্তেই যুদ্ধের ইতি টানতে চায় ইরান

যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে ইরান (Iran)। দেশটির এক জ্যেষ্ঠ রাজনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি (Press TV) এ তথ্য জানিয়েছে।

ওই কর্মকর্তা স্পষ্টভাবে বলেন, ‘ইরান নিজেই যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নেবে এবং তা তখনই হবে, যখন আমাদের নিজস্ব শর্তগুলো পূরণ করা হবে।’ এই বক্তব্যে পরিষ্কার ইঙ্গিত মিলেছে—তেহরান কোনো আন্তর্জাতিক চাপ বা একতরফা প্রস্তাবে সাড়া দিতে প্রস্তুত নয়।

যুদ্ধের অবসান ঘটাতে ইরান কয়েকটি কঠোর শর্তও সামনে এনেছে। এর মধ্যে রয়েছে—শত্রুপক্ষের সব ধরনের ‘আগ্রাসন ও গুপ্তহ’\ত্যা’ সম্পূর্ণ বন্ধ করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে যাতে ইরানের ওপর আবার যুদ্ধ চাপিয়ে দেওয়া না হয়, সে বিষয়ে কার্যকর ও সুনির্দিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা।

এছাড়া চলমান যুদ্ধে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার যথাযথ প্রতিকার ও নির্ধারিত ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টিও শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, অঞ্চলজুড়ে সক্রিয় প্রতিরোধ গোষ্ঠীগুলোর ক্ষেত্রেও যুদ্ধের সমাপ্তি নিশ্চিত করার কথা বলেছে তেহরান।

সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিগুলোর একটি হলো—হরমুজ প্রণালী (Strait of Hormuz)-এর ওপর ইরানের সার্বভৌম কর্তৃত্ব আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও নিশ্চিত করতে হবে। কৌশলগত এই জলপথকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই বৈশ্বিক শক্তিগুলোর মধ্যে টানাপোড়েন বিরাজ করছে।

ইরানি কর্মকর্তারা বারবার জোর দিয়ে বলেছেন, তারা কেবল অস্থায়ী যুদ্ধবিরতি চান না; বরং স্থায়ীভাবে যুদ্ধের সম্পূর্ণ অবসান চান। ফলে বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করে নিজেদের অবস্থান আরও দৃঢ় করল তেহরান—এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।