সৌদি আরবে আটকা বাংলাদেশিদের জন্য স্বস্তি: জরিমানা ছাড়াই দেশে ফেরার সুযোগ ১৮ এপ্রিল পর্যন্ত

সৌদি আরবে ভিজিট, ওমরাহ এবং ফাইনাল এক্সিট ভিসায় গিয়ে আটকা পড়া বাংলাদেশিদের জন্য স্বস্তির খবর দিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস (Bangladesh Embassy)। গত ২৫ ফেব্রুয়ারির মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা কোনো জরিমানা বা আইনি জটিলতা ছাড়াই দেশটি ত্যাগের সুযোগ পাচ্ছেন।

বুধবার (২৫ মার্চ) দূতাবাস থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব বাংলাদেশি নাগরিক নির্ধারিত সময়ের মধ্যে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও বিশেষ কারণে সৌদি আরব ত্যাগ করতে পারেননি, তারা আগামী ১৮ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত এই বিশেষ সুবিধা পাবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সময়ের মধ্যে সংশ্লিষ্টরা সরাসরি বিমানবন্দরে গিয়ে বৈধ টিকিট প্রদর্শনের মাধ্যমে সৌদি আরব ত্যাগ করতে পারবেন। এজন্য তাদের ভিসার মেয়াদ নবায়ন বা কোনো ধরনের জরিমানা পরিশোধের প্রয়োজন হবে না।

তবে নির্ধারিত সময়সীমা অতিক্রম করলে কঠোর আইনি জটিলতার মুখোমুখি হতে হতে পারে বলে সতর্ক করেছে দূতাবাস। বিশেষ করে জরিমানা আরোপ, এমনকি ভবিষ্যতে দেশত্যাগে নিষেধাজ্ঞার মতো কঠিন পদক্ষেপ নিতে পারে সৌদি কর্তৃপক্ষ।

এ পরিস্থিতিতে, মেয়াদোত্তীর্ণ ভিসাধারী বাংলাদেশিদের দ্রুত টিকিট সংগ্রহ করে নির্ধারিত সময়ের মধ্যেই সৌদি আরব ত্যাগ করার জন্য অনুরোধ জানিয়েছে দূতাবাস।