‘দেশত্যাগে নিষেধাজ্ঞা’ গুঞ্জনে ক্ষোভে ফারুকী: “ডাহা মিথ্যা প্রোপাগান্ডা”

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী (Mostofa Sarwar Farooki)-এর বিরুদ্ধে ‘দেশত্যাগে নিষেধাজ্ঞা’ সংক্রান্ত একটি খবর বৃহস্পতিবার প্রকাশ করে একটি গণমাধ্যম, যা পরে সরিয়ে নেওয়া হয়। তবে ওই প্রতিবেদনের ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়তেই বিষয়টি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।

শুক্রবার (২৭ মার্চ) এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ফারুকী। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি তীব্র প্রতিক্রিয়া জানান।

পোস্টে তিনি লেখেন, “সাংবাদিকতার ইজ্জত শেষ করা ছাড়া কিছু পত্রিকা থামবে না। গত বেশ কিছুদিন ধরে ধারাবাহিক প্রোপাগান্ডার পর এখন আমার বিরুদ্ধে আরেকটা ডাহা মিথ্যা কথা ছড়িয়েছে এক পত্রিকায়। এটার নাম সংবাদমাধ্যমের স্বাধীনতা?”

এ সময় তিনি সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সাংবাদিক নেতৃবৃন্দের সময় এসেছে এ বিষয়ে কাজ করার। কারণ পাবলিক ট্রাস্ট জিরোতে নেমে গেলে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে আর কিছু থাকবে না। ইটস আ ওয়েক আপ কল ফর জার্নালিস্ট কমিউনিটি।”

পোস্টের শেষাংশে ফারুকী আরও উল্লেখ করেন, “পতিত ফ্যাসিস্টের প্রতি সমব‍্যথীরা যেভাবে সংঘবদ্ধ হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডায় নেমেছে, এটা দেখেই বুঝতে পারছি আমি আমার কাজটা ঠিকমতো করতে পেরেছি।”

ঘটনাটি সামনে আসার পর সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ কেউ সংবাদ পরিবেশনের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলছেন, আবার অনেকে বিষয়টিকে রাজনৈতিক প্রেক্ষাপটে দেখছেন।