র‍্যাপার থেকে রাষ্ট্রনায়ক: নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বালেন্দ্র শাহ

নেপালের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। মাত্র ৩৫ বছর বয়সে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাবেক র‍্যাপার ও কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ (Balen Shah)। শুক্রবার (২৭ মার্চ) দায়িত্ব গ্রহণের ঠিক আগমুহূর্তে তিনি নেপালের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী এক নতুন গান প্রকাশ করেন, যা প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তোলে।

‘বালেন’ নামে পরিচিত এই জনপ্রিয় নেতার নতুন গানের ভিডিওটি প্রকাশের অল্প সময়েই ২০ লাখের বেশি দর্শক দেখেছেন। গানের কথায় উঠে এসেছে ঐক্যের বার্তা—‘অবিভক্ত নেপালি, এবার ইতিহাস তৈরি হচ্ছে।’ তার এই গান যেন ফিরিয়ে নিয়ে যায় সেই সময়গুলোতে, যখন র‍্যাপ সংগীতের মাধ্যমে তিনি দুর্নীতি ও সামাজিক অসংগতির বিরুদ্ধে কণ্ঠ তুলেছিলেন।

বিশ্লেষকরা বলছেন, বালেন্দ্র শাহের উত্থান নেপালের দীর্ঘদিনের পারিবারিক ও অভিজাততান্ত্রিক রাজনীতিতে বড় ধাক্কা। গত ৫ মার্চের সাধারণ নির্বাচনে তার দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (Rastriya Swatantra Party) প্রথাগত বড় দলগুলোকে পেছনে ফেলে নিরঙ্কুশ জয় পায়। এমনকি সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি (K P Sharma Oli)-এর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ঝাপা-৫ আসনেও বড় ব্যবধানে পরাজিত হন তিনি।

কাঠমান্ডুর এক আয়ুর্বেদিক চিকিৎসক পরিবারে জন্ম নেওয়া বালেন্দ্র শাহ পেশায় একজন প্রকৌশলী। ২০১৩ সালে একটি র‍্যাপ প্রতিযোগিতার মাধ্যমে আলোচনায় আসা এই তরুণ ২০২২ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঠমান্ডু (Kathmandu)-র মেয়র নির্বাচিত হন। মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে শহর পরিচ্ছন্নতা, ঐতিহ্য সংরক্ষণ এবং দুর্নীতির বিরুদ্ধে তার কঠোর অবস্থান তাকে দ্রুতই তরুণদের কাছে অনুপ্রেরণার প্রতীকে পরিণত করে।

গত বছরের সেপ্টেম্বর এবং ২০২৫ সালের গণ-অভ্যুত্থানের সময় তার প্রতিবাদী গানগুলো আন্দোলনকারীদের প্রধান সংগীতে পরিণত হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে নতুন এক রাজনৈতিক বাস্তবতার দিকে এগোচ্ছে নেপাল, যেখানে জনপ্রিয়তা, সংস্কৃতি এবং তরুণ নেতৃত্বের মেলবন্ধন এক নতুন দৃষ্টান্ত তৈরি করছে।