দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এখন থেকে জ্বালানি তেল অবৈধভাবে মজুত করার সুনির্দিষ্ট তথ্য প্রদান করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় (Ministry of Power, Energy and Mineral Resources)।
শুক্রবার (২৭ মার্চ) এক বার্তার মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের সরবরাহ তদারকি জোরদার করতে ইতোমধ্যে দেশের প্রতিটি জেলায় ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এসব টিম মাঠপর্যায়ে নজরদারি বাড়িয়ে অবৈধ মজুতদারি, কালোবাজারি এবং কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে কাজ করছে।
সরকারি সূত্র বলছে, যারা অবৈধভাবে তেল মজুত বা বাজারে অস্থিরতা তৈরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নির্ভরযোগ্য তথ্য সরবরাহ করবেন, তাদের জন্য আনুষ্ঠানিকভাবে পুরস্কারের ঘোষণা খুব শিগগিরই দেওয়া হবে। এ লক্ষ্যে সচেতন নাগরিকদের কাছ থেকে সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য চাওয়া হয়েছে।
বর্তমান পরিস্থিতিতে জ্বালানি খাতে স্বচ্ছতা ও স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞদের মতে, সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ও প্রশাসনের কঠোর নজরদারির মাধ্যমে কৃত্রিম সংকট প্রতিরোধ করা সম্ভব।
