বাংলাদেশে আইপিএল সম্প্রচারে অনিশ্চয়তা, জিওস্টার বাতিল করেছে টি-স্পোর্টসের চুক্তি

বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) সম্প্রচারে নতুন অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। ভারতের সম্প্রচার প্রতিষ্ঠান জিওস্টার বাংলাদেশের অংশীদার টি-স্পোর্টস (T-Sports)-এর সঙ্গে চুক্তি বাতিল করেছে। রয়টার্সের সূত্রে জানা গেছে, নির্ধারিত সময় অনুযায়ী অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জিওস্টার বিষয়টি নিশ্চিত করে টি-স্পোর্টসকে চিঠি দিয়েছে।

গত জানুয়ারিতে বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশে। কলকাতা নাইট রাইডার্স দল ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান-কে বাদ দেওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়। সরকার বর্তমানে নিষেধাজ্ঞা পর্যালোচনা করছে, তবে জিওস্টারের চুক্তি বাতিলের ফলে বাংলাদেশে আপাতত কোনো বৈধ সম্প্রচারকারী নেই।

জিওস্টারের ১৭ ফেব্রুয়ারি তারিখের চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘চুক্তিটি অবিলম্বে কার্যকরভাবে বাতিল করা হলো’। ২০২৩ থেকে ২০২৭ মৌসুম পর্যন্ত আইপিএলের সম্প্রচার স্বত্ব জিওস্টারের কাছ থেকে সাবলাইসেন্স নিয়েছিল টি-স্পোর্টস। চিঠিতে জানানো হয়েছে, অংশীদার চুক্তি অনুযায়ী নির্ধারিত অর্থপ্রদানের সময়সীমা মেনে চলতে ক্রমাগত ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই কারণে জিওস্টার বাংলাদেশে উইমেন্স প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের সম্প্রচার চুক্তিও বাতিল করেছে।

বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লিগ আইপিএল প্রায় ১৮.৫ বিলিয়ন ডলার মূল্যের এবং বাংলাদেশসহ উপমহাদেশজুড়ে ব্যাপক জনপ্রিয়। বাংলাদেশে ক্রিকেটপ্রেমীদের মধ্যে এই টুর্নামেন্টের জনপ্রিয়তা অনেক বেশি। সর্বশেষ আসরটি ২৮ মার্চ থেকে শুরু হয়ে চলমান রয়েছে।