চোরাকারবারি, স্থানীয় রাজনীতি আর হঠাৎ পাওয়া বিপুল অর্থ—এই তিনটি উপাদানকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নতুন বিশেষ নাটক ‘জ্যাকপট’। দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এ ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া এই নাটকটি ইতিমধ্যেই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। বঙ্গ ঈদ ফেস্টের অন্যতম আকর্ষণ হিসেবে মুক্তি পাওয়া নাটকটিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মা।
নাটকটির পরিচালনা করেছেন মাজিদুল ইসলাম স্বাধীন। গল্প আবর্তিত হয়েছে সীমান্তবর্তী এক এলাকার নানা ঘটনা ঘিরে। নাটকে শিমুল ‘জিরা মাসুদ’ চরিত্রে এবং শরাফ ‘ডাইল কাদের’ চরিত্রে অভিনয় করেছেন। চোরাকারবারি চক্র, স্থানীয় রাজনীতির দ্বন্দ্ব এবং হঠাৎ প্রাপ্ত বিশাল অংকের টাকাকে কেন্দ্র করে কাহিনি এগিয়েছে। এক পর্যায়ে মাসুদ, কাদের এবং স্থানীয় পুলিশের মধ্যে তৈরি হয় রুদ্ধশ্বাস পরিস্থিতি, যা নাটকটিকে শেষ পর্যন্ত উপভোগ্য করে তোলে।
নির্মাতা মাজিদুল ইসলাম স্বাধীন জানান, “জীবন ও শিমুলের সঙ্গে কাজ করা ছিল দারুণ অভিজ্ঞতা। তাদের পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্ব ক্যামেরার সামনেও চমৎকার রসায়ন তৈরি করেছে। দর্শকরা সেই রসায়ন ভালোভাবে গ্রহণ করেছেন।”
নাটকটিতে আরও অভিনয় করেছেন ইশতিয়াক আহমেদ রুমেল ও নিদ্রা নেহা। নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন সুফিয়ান রায়হান। বিশেষ সাবস্ক্রিপশন ওয়ান প্যাক-এর মাধ্যমে দর্শকরা বিজ্ঞাপন ছাড়া এই নাটকসহ অন্যান্য কনটেন্ট উপভোগ করতে পারছেন।


