বলিউড সুপারস্টার রণবীর সিং অভিনীত এবং আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর টু’ সিনেমা মুক্তির মাত্র ১২ দিনে ভারতের অভ্যন্তরীণ বক্স অফিসে ৮৬৫ কোটি রুপির বেশি আয় করেছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিনোদন সংবাদে জানানো হয়েছে, এই সিনেমা বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে।
দক্ষিণি তারকা যশের কাল্ট ব্লকবাস্টার ‘কেজিএফ: চ্যাপ্টার টু’-এর আয়ের রেকর্ডও ছাড়িয়ে গেছে রণবীর সিংয়ের এই সিনেমা। বর্তমানে ছবিটি ১ হাজার কোটির ক্লাবে প্রবেশের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। স্যাকনিল্ক-এর বক্স অফিস বিশ্লেষণের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম সপ্তাহে ছবিটি ৬৭৪ কোটি রুপি আয় করেছিল এবং দ্বিতীয় সপ্তাহের সোমবার আরও ১৯.২৬ কোটি রুপি যোগ হয়েছে। ১২ দিন শেষে মোট আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৮৬৬.১৩ কোটি রুপি।
এই আয়ের মাধ্যমে ছবিটি এসএস রাজামৌলির ‘আরআরআর’ (৭৮২ কোটি) এবং ‘কল্কি ২৮৯৮ এডি’ (৬৪৬ কোটি) এর মতো বড় বাজেটের সিনেমার রেকর্ডও পেছনে ফেলেছে। সিনেমার এই সাফল্যের পেছনে রয়েছে টানটান উত্তেজনাপূর্ণ গল্প ও দুর্ধর্ষ নির্মাণশৈলী। করাচির ল্যারি টাউনের আন্ডারওয়ার্ল্ড এবং পাকিস্তানের রাজনৈতিক প্রেক্ষাপটে ‘জাসকিরাত সিং রঙ্গী’ চরিত্র কীভাবে ‘হামজা আলি মাজানি’ নামক এক ভয়ংকর স্পাইয়ে রূপ নিল, তা দর্শকদের মুগ্ধ করেছে।
রণবীর সিংয়ের অভিনয় ছাড়াও আর মাধবন, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল এবং ইয়ামি গৌতমের উপস্থিতি সিনেমাটিকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক প্যাকেজে রূপ দিয়েছে। চলচ্চিত্র সংশ্লিষ্টদের নজর এখন ছবিটির পরবর্তী লক্ষ্যমাত্রার দিকে। রাজামৌলির ‘বাহুবলী টু’ (১,০৩০ কোটি) এবং ‘পুষ্পা টু’ (১,২৩৪ কোটি) আয়ের রেকর্ড স্পর্শ করতে ‘ধুরন্ধর টু’ কতটা সক্ষম হবে, তা নিয়ে চলছে বিশ্লেষণ।
অন্যদিকে, আল্লু অর্জুন ও রাজামৌলির মতো ইন্ডাস্ট্রির প্রভাবশালী ব্যক্তিরা ইতিমধ্যেই রণবীর সিং ও আদিত্য ধরকে ভূয়সী প্রশংসা করেছেন। বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান আয়ের ধারা অব্যাহত থাকলে ‘ধুরন্ধর টু’ ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের অন্যতম শীর্ষ আয়ের সিনেমা হিসেবে নাম লেখাবে।


