জ্বালানি সাশ্রয়ে রাত ৮টার মধ্যে বন্ধ থাকবে সব দোকান-মল, সিদ্ধান্ত বাংলাদেশ দোকান মালিক সমিতির

আন্তর্জাতিক জ্বালানি সংকটের প্রভাবে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি (Bangladesh Shop Owners’ Association) রাজধানীসহ দেশের সব দোকান, বাণিজ্যবিতান ও শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় আন্তর্জাতিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকারের সঙ্গে সমন্বয় করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে হোটেল, ফার্মেসি ও জরুরি প্রয়োজনীয় সেবার দোকান এবং কাঁচাবাজার এই সিদ্ধান্তের আওতাভুক্ত হবে না।

এর আগে ১৫ মার্চ বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দোকান মালিকরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার শর্তে আলোকসজ্জা ৪০ শতাংশ কমানোর প্রতিশ্রুতি দেন।

জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাস ফেরানো, সাপ্তাহিক ছুটি বৃদ্ধি এবং হোম অফিসসহ আরও কিছু পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিভিন্ন দেশও জ্বালানি সাশ্রয়ের পদক্ষেপ গ্রহণ করেছে। উদাহরণ হিসেবে মিশরে রাত ৯টার পর দোকান, রেস্তোরাঁ ও শপিং সেন্টার বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। মিশরীয় সরকার রাস্তার বাতি ও বিজ্ঞাপনও ম্লান করার ব্যবস্থা নিয়েছে।