এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত কনটেন্টগুলোর মধ্যে দর্শকপ্রিয়তায় শীর্ষে রয়েছে ওয়েব ফিল্ম ‘লাভ সিটার’। মুক্তির পর থেকেই বিনোদন অঙ্গন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এই ওয়েব ফিল্মকে কেন্দ্র করে ইতিবাচক আলোচনার ঝড় বইছে। বঙ্গ অরিজিনাল প্রযোজনায় নির্মিত এই কনটেন্টে জুটি বেঁধেছেন সাদিয়া আয়মান এবং জিয়াউল হক পলাশ।
প্রখ্যাত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী ও মুশফিকা মাসুদের যৌথ পরিচালনায় নির্মিত এই চলচ্চিত্রটি শাহজাদা মামুনের মূল গল্প অবলম্বনে তৈরি। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি বিড়াল এবং দুই নিঃসঙ্গ মানুষের মায়াবী রসায়ন, যা দর্শকদের মনে গভীর প্রভাব ফেলেছে।
জিয়াউল হক পলাশ ও সাদিয়া আয়মানের পরিমিত অভিনয় এবং পোষা প্রাণীর প্রতি মানবিক মমত্ববোধের শৈল্পিক উপস্থাপন সাধারণ দর্শক থেকে শুরু করে সমালোচক—সবাইকে মুগ্ধ করেছে। চলচ্চিত্রটির নির্মাণশৈলী এবং মৌলিক কনসেপ্টের কারণে এটিকে চলতি সময়ে অন্যতম রুচিশীল নির্মাণ হিসেবে অভিহিত করা হচ্ছে।
বঙ্গের চিফ অফ কন্টেন্ট মুশফিকুর রহমান উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “লাভ সিটার নিয়ে দর্শকদের এই অভূতপূর্ব সাড়া আমাদের অভিভূত করেছে। গল্পের সহজ ও মানবিক আবেদন দর্শকদের স্পর্শ করেছে, আর মুক্তির পর পাওয়া ইতিবাচক প্রতিক্রিয়া আমাদের প্রত্যাশার থেকেও বেশি। নাগরিক একাকিত্ব এবং অবলা প্রাণীর আত্মিক সেতুবন্ধন দর্শক খুব আপন করে নিয়েছে। সোশ্যাল মিডিয়া এবং ইন্ডাস্ট্রির প্রশংসা প্রমাণ করে, দর্শক এখন ভিন্নধর্মী ও জীবনঘনিষ্ঠ বিনোদনে আগ্রহী। বঙ্গ সবসময় গুণগত মানের কনটেন্ট উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”


