ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি দাবি করেছে, তারা ইসরায়েলের জাফায় অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ক্লাস্টার (গুচ্ছ) ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি হামলার দায় স্বীকার করেছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, বিমানবন্দরে একটি প্যাকেজ পৌঁছানোর পর সেখান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এ ঘটনায় দ্রুত নিরাপত্তা প্রোটোকল চালু করা হয় এবং সম্ভাব্য ঝুঁকি এড়াতে সংশ্লিষ্ট এলাকা ও কর্মীদের সরিয়ে নেওয়া হয়।
স্থানীয় সংবাদমাধ্যম ওয়াইনেটের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলে জরুরি সেবা সংস্থাগুলো উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্যাকেজের ভেতরের পদার্থ শনাক্তের চেষ্টা চলছে, এবং সন্দেহজনক বস্তুটি নিরাপদে অপসারণের জন্য বিশেষায়িত দল কাজ করছে।
এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত বিমানবন্দরের সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার থাকবে।


