ক্ষতিপূরণ না পেলে খুলবে না হরমুজ প্রণালি—কঠোর অবস্থানে ইরান

যু’\দ্ধের ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি (Strait of Hormuz) পুনরায় খুলবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান (Iran)। রোববার আলজাজিরা (Al Jazeera)-র এক প্রতিবেদনে ইরানের প্রেসিডেন্ট দপ্তরের বরাতে এ তথ্য জানানো হয়।

দেশটির প্রেসিডেন্ট দপ্তরের যোগাযোগবিষয়ক উপদেষ্টা সাইয়্যেদ মেহদি তাবাতাবায়ি (Seyyed Mehdi Tabatabaei) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, নতুন একটি আইনি কাঠামোর আওতায় ট্রানজিট ফি’র মাধ্যমে ক্ষতিপূরণ পরিশোধ করা হলে তবেই প্রণালিটি পুনরায় চালু করা হবে। অন্যথায় এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও ইঙ্গিত দেন তিনি।

এদিকে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)-এর সাম্প্রতিক বক্তব্যেরও তীব্র সমালোচনা করেন তাবাতাবায়ি। তিনি বলেন, হরমুজ প্রণালি বন্ধের প্রেক্ষাপটে ইরানের বেসামরিক অবকাঠামোয় হামলার হুমকি দেওয়ার পর ট্রাম্প হতাশা ও ক্ষোভ থেকেই অশালীন ও অর্থহীন মন্তব্য করছেন।

বিশ্ব জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালিকে ঘিরে উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক বাজারে অস্থিরতা ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। এর ফলে ইরানের ওপর কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ বাড়লেও, তেহরান তার অবস্থান থেকে সরে আসার কোনো লক্ষণ দেখাচ্ছে না।