মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে সম্ভাব্য ৪৫ দিনের একটি যুদ্ধবিরতির শর্তাবলি নিয়ে যুক্তরাষ্ট্র, ইরান এবং আঞ্চলিক মধ্যস্থতাকারীদের একটি দল আলোচনা চালিয়ে যাচ্ছে। মার্কিন অনলাইন সংবাদমাধ্যম অ্যাক্সিওস রোববার (৫ এপ্রিল) চারটি মার্কিন, ইসরায়েলি ও আঞ্চলিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে। আলোচনাটি সফল হলে যুদ্ধের স্থায়ী অবসানের পথও তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অ্যাক্সিওসের এই প্রতিবেদনটি তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। এ বিষয়ে জানতে চাইলে হোয়াইট হাউস এবং মার্কিন পররাষ্ট্র দপ্তর তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
প্রতিবেদন অনুযায়ী, মধ্যস্থতাকারীরা দুই ধাপের একটি চুক্তির কাঠামো নিয়ে কাজ করছেন। প্রথম ধাপে সম্ভাব্য ৪৫ দিনের যুদ্ধবিরতি কার্যকর করা এবং এই সময়ের মধ্যেই স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের ভিত্তি তৈরি করা। দ্বিতীয় ধাপে একটি পূর্ণাঙ্গ চুক্তির মাধ্যমে সংঘাতের সমাপ্তি নিশ্চিত করা হবে। প্রয়োজনে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর সুযোগও রাখা হয়েছে, যদি আলোচনায় আরও সময় প্রয়োজন হয়।
এদিকে পরিস্থিতির মধ্যে নতুন উত্তেজনা সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি ইরানকে কড়া ভাষায় হুমকি দিয়েছেন।
ট্রাম্প লিখেছেন, “মঙ্গলবার হবে ইরানের জন্য বিদ্যুৎকেন্দ্র আর সেতু দিবস—সবকিছু গুঁড়িয়ে এক করে দেওয়া হবে, এরকম আর হয়নি। এখনই (হরমুজ) প্রণালি খুলে দাও, পাগলা বেজম্মারা, না হলে তোমাদের জাহান্নামে পড়তে হবে—শুধু দেখো, আল্লাহর কাছে দোয়া করো।”
এছাড়া তিনি ইরানকে ৬ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়ে একটি চুক্তিতে পৌঁছানো বা হরমুজ প্রণালি খুলে দেওয়ার আল্টিমেটামও দিয়েছেন।
একদিকে সম্ভাব্য যুদ্ধবিরতির আলোচনা, অন্যদিকে সরাসরি হুমকি—এই দ্বৈত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের সংকট আরও জটিল আকার নিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।


