জ্বালানি তেলের দাম নির্ধারণে একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করা হয় এবং তা প্রতি মাসেই পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু (Iqbal Hasan Mahmud Tuku)। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশই একমাত্র দেশ যেখানে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব তথ্য তুলে ধরেন। জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনায় তিনি জানান, সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহ অব্যাহত রেখেছে।
মন্ত্রী বলেন, অবৈধ মজুত ও কালোবাজারি রোধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে এবং এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে। বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
সংসদে জ্বালানির মজুত ও আমদানি সংক্রান্ত পরিসংখ্যান তুলে ধরে ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, বর্তমানে দেশে ১ লাখ ৬৪ হাজার ৯৪৪ মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে।
তিনি আরও জানান, চলতি এপ্রিল মাসের মধ্যে অতিরিক্ত ১ লাখ ৩৮ হাজার টন ডিজেল, ৭১ হাজার ৪৪৩ টন অকটেন এবং ৩৬ হাজার টন পেট্রোল আমদানি করা হবে। এর মাধ্যমে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
