হরমুজ প্রণালি প্রস্তাবে রাশিয়া ও চীনের ভেটো: জাতিসংঘের কূটনৈতিক প্রচেষ্টায় ধাক্কা

হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত একটি সংশোধিত প্রস্তাবের বিপক্ষে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন। মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে অনুষ্ঠিত ভোটাভুটিতে নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১১টি দেশ প্রস্তাবের পক্ষে থাকলেও দুই স্থায়ী সদস্যের আপত্তির কারণে তা বাতিল হয়ে যায়।

এই পদক্ষেপের মাধ্যমে মস্কো ও বেইজিং স্পষ্ট করল যে, আন্তর্জাতিক চাপের মুখে তারা তেহরানের পাশে দাঁড়িয়েছে। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাব পাসের জন্য প্রয়োজনীয় ৯টি ভোট নিশ্চিত হলেও রাশিয়া ও চীনের ভেটোর কারণে তা কার্যকর হয়নি। ভোটে পাকিস্তান ও কলম্বিয়া অংশগ্রহণ করেনি। দেশ দুটি মূলত ইরানকে অতিরিক্ত দোষারোপের অজুহাতে কঠোর অবস্থান গ্রহণ করেছে।

প্রস্তাবের প্রাথমিক খসড়ায় ‘অনুচ্ছেদ ৭’ ব্যবহারের প্রস্তাব থাকায় প্রয়োজনে হরমুজ প্রণালিতে সামরিক শক্তি প্রয়োগের বৈধতা দেওয়ার কথা ছিল। তবে রাশিয়া ও চীনের তীব্র বিরোধিতার কারণে সংশোধিত প্রস্তাবে সরাসরি শক্তি প্রয়োগের পরিবর্তে বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বার্থে রক্ষণাত্মক সমন্বয়ের কথাই রাখা হয়েছিল।

কূটনৈতিক মহলে ধারণা করা হয়েছিল, প্রস্তাবের ভাষা নমনীয় হওয়ায় রাশিয়া ও চীন হয়তো ভোটদান থেকে বিরত থাকবে এবং প্রস্তাব পাসের পথ খুলবে। কিন্তু শেষ মুহূর্তে তাদের সরাসরি বিরোধিতায় তা সম্ভব হয়নি। ফলে মধ্যপ্রাচ্য সংকট ও ইরান ইস্যুতে নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বিভাজন আরও স্পষ্ট হয়ে উঠেছে।

এই ভেটো প্রদানের মাধ্যমে রাশিয়া ও চীন আন্তর্জাতিক অঙ্গনে ইরানের শক্তিশালী মিত্র হিসেবে অবস্থান আরও দৃঢ় করেছে। একই সঙ্গে হরমুজ প্রণালি নিয়ে জাতিসংঘের কূটনৈতিক প্রচেষ্টায় বড় ধরনের ধাক্কা লেগেছে এবং সংকট সমাধানের পথ নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে।