আসিফ নজরুল ও তার পিএসের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুল (Asif Nazrul) এবং তার ব্যক্তিগত সহকারী (পিএস) শামসুদ্দিন মাসুমের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদের অভিযোগে অনুসন্ধানের আবেদন করা হয়েছে দুর্নীতি দমন কমিশন (Anti-Corruption Commission)-এ।

বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী এম সারোয়ার হোসেন দুদক চেয়ারম্যান ও কমিশনারদের বরাবর এই আবেদন জমা দেন। আবেদনে অভিযোগ করা হয়েছে, শামসুদ্দিন মাসুমের মাধ্যমে বিভিন্ন ঘুষ লেনদেন সম্পন্ন হয়েছে।

এতে ৩ মার্চ একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ‘আসিফ নজরুলের সময়ে আইন মন্ত্রণালয়: ৮ মাসে সাব-রেজিস্ট্রার বদলিতে ঘুষ লেনদেন শতকোটি’ শীর্ষক প্রতিবেদনের উল্লেখ করা হয়। ওই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের আট মাসের সময়কালে আইন মন্ত্রণালয়ে সাব-রেজিস্ট্রার বদলিকে কেন্দ্র করে বিপুল পরিমাণ অর্থ লেনদেন হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, তৎকালীন আইন উপদেষ্টা আসিফ নজরুলের সময় সাব-রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে কোনো সুস্পষ্ট নীতিমালা অনুসরণ করা হয়নি। বরং ঘু’\ষের বিনিময়ে বদলি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার অভিযোগ উঠে এসেছে।

এছাড়া, নির্ধারিত অর্থ পরিশোধ না করায় বদলির আদেশ স্থগিত করার ঘটনাও পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। কিছু ক্ষেত্রে একাধিক কর্মকর্তাকে মাত্র ছয় থেকে সাত মাসের মধ্যে তিন থেকে চারবার পর্যন্ত বদলি করা হয়েছে, যা প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।

এই অভিযোগের প্রেক্ষিতে দুদকের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় কি না, সেটিই এখন দেখার বিষয়।