বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের নতুন অগ্রগতির ইঙ্গিত মিলেছে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক গুরুত্বপূর্ণ বৈঠকে। বুধবার (৮ এপ্রিল) ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার ঘোষণা দিয়েছে ভারত।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান (Dr. Khalilur Rahman) ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর (S. Jaishankar)-এর সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, ভারত বাংলাদেশিদের জন্য বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা প্রাপ্তির প্রক্রিয়া সহজ করতে যাচ্ছে।
বৈঠকে জয়শঙ্কর জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই উদ্যোগ বাস্তবায়ন শুরু হবে। এতে চিকিৎসা ও ব্যবসার উদ্দেশ্যে ভারতে যেতে আগ্রহী বাংলাদেশি নাগরিকরা সহজে ভিসা পাবেন বলে আশা করা হচ্ছে।
এছাড়া বৈঠকে দুই দেশই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করে। বাণিজ্য, যোগাযোগ ও আঞ্চলিক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেও মতবিনিময় করেন দুই মন্ত্রী।
বৈঠকের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল ইনকিলাব মঞ্চ (Inquilab Mancha)-এর সাবেক মুখপাত্র শহিদ শরিফ বিন ওসমান হাদি হ’\ত্যা মামলার দুই আসামির প্রসঙ্গ। এ বিষয়ে ভারত তাদের বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মত হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পাশাপাশি দুই দেশই গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ইস্যুগুলোতে নিয়মিত পরামর্শ ও যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হয়েছে, যা ভবিষ্যতে সম্পর্ককে আরও গভীর ও কার্যকর করার পথ তৈরি করবে বলে মনে করা হচ্ছে।


