যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ, প্রশিক্ষিত ও যুগোপযোগী ইমাম তৈরি করতে প্রথমবারের মতো ‘ইমাম প্রশিক্ষণ’ কর্মসূচির আয়োজন করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন (As-Sunnah Foundation)।
আগামী ২৬ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত রাজধানীর আফতাবনগরে অবস্থিত ফাউন্ডেশনের অডিটোরিয়ামে ৫ দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। আবেদনকারীদের মধ্য থেকে বাছাইকৃত ১০০ জন ইমাম এতে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ (Shaykh Ahmadullah) বলেন, সমাজের সাধারণ মানুষের সঙ্গে সবচেয়ে বেশি সম্পৃক্ততা থাকে ইমামদের। আদর্শ সমাজ গঠনে এটি তাদের জন্য বড় সুযোগ ও সম্ভাবনা তৈরি করে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রশিক্ষিত ও পরিকল্পিতভাবে ইমামরা কাজ করতে পারলে প্রতিটি সমাজই ইতিবাচক পরিবর্তনের পথে এগোবে।
তিনি আরও উল্লেখ করেন, ইমামদের প্রতিনিয়ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মিশতে হয় এবং জটিল সামাজিক ও ধর্মীয় বিষয়ে পরামর্শ দিতে হয়। তাই বিশুদ্ধ ইলমের পাশাপাশি আধুনিক জ্ঞান ও দক্ষতা অর্জনও তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই প্রশিক্ষণ কর্মসূচিতে প্রায় ২০টি গুরুত্বপূর্ণ ও সমকালীন বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্যে রয়েছে—লিডারশিপ ও পার্সোনালিটি ডেভেলপমেন্ট, দাওয়াহ ও মনস্তত্ত্ব, পাবলিক স্পিকিং, টাইম ম্যানেজমেন্ট, ইফেক্টিভ কমিউনিকেশন এবং দাওয়াতি কাজে আধুনিক টুলস ও ফ্যাক্ট-চেকিংয়ের ব্যবহার। এছাড়া সমকালীন মতবাদ, ইসলাম ও বিজ্ঞানের কথিত সংঘাত নিরসন, সংশয়বাদ ও নাস্তিক্যবাদ মোকাবিলা এবং শারীরিক স্বাস্থ্য সম্পর্কেও ধারণা দেওয়া হবে।
প্রশিক্ষণে অংশ নিতে হলে আবেদনকারীকে বর্তমানে কর্মরত ইমাম বা খতিব হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে দাওরায়ে হাদিস বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর থাকতে হবে।
নির্বাচিত ১০০ জন প্রশিক্ষণার্থীর জন্য আবাসন ও খাবারের ব্যবস্থা করবে আস-সুন্নাহ ফাউন্ডেশন। সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের সনদ প্রদান করা হবে এবং যাতায়াত খরচ বহন করা হবে। পাশাপাশি ফাউন্ডেশনের সঙ্গে দীর্ঘমেয়াদি দাওয়াতি ও সেবামূলক কাজে যুক্ত হওয়ার সুযোগও থাকবে।
আগ্রহী ইমামদের গুগল ফরমের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ১৪ এপ্রিল। প্রাপ্ত আবেদন থেকে অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে চূড়ান্ত অংশগ্রহণকারীদের নির্বাচন করা হবে।
