ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি (Mojtaba Khamenei) দাবি করেছেন, সাম্প্রতিক যুদ্ধে ইরানের জনগণই বিজয়ী এবং এই সংঘাতে ইরান একটি বিজয়ী জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে তার নামে প্রকাশিত এক লিখিত বিবৃতিতে এই মন্তব্য উঠে আসে। বিবৃতিতে তিনি বলেন, “এই যুদ্ধে ইরানের জনগণই বিজয়ী পক্ষ এবং ইরানই এই যুদ্ধে বিজয়ী জাতি।”
তিনি আরও জানান, যুদ্ধের ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য সরকার ক্ষতিপূরণ আদায়ে উদ্যোগী হবে। একই সঙ্গে যুদ্ধে আ’\হতদের জন্যও ক্ষতিপূরণ দাবি করা হবে বলে উল্লেখ করেন তিনি।
বিবৃতিতে হরমুজ প্রণালি (Strait of Hormuz)-এর ব্যবস্থাপনাকে একটি নতুন পর্যায়ে নেওয়ার কথাও বলা হয়েছে। যদিও এটি কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে কোনো বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।
মোজতবা খামেনি ইরানপন্থিদের রাস্তায় নামার আহ্বান জানিয়ে বলেন, উন্মুক্ত চত্বরে জনগণের কণ্ঠস্বর ভবিষ্যতের আলোচনা ও দরকষাকষির ফলাফলে প্রভাব ফেলতে পারে। এর মাধ্যমে তিনি জনসম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইরান কখনোই যুদ্ধ চায়নি এবং এখনো চায় না। তবে নিজেদের বৈধ অধিকার আদায়ের প্রশ্নে দেশটি কোনোভাবেই পিছু হটবে না। এই অবস্থানের সঙ্গে ইরানের মিত্র ও আঞ্চলিক সহযোগী গোষ্ঠীগুলোর সম্পৃক্ততার ইঙ্গিতও দেন তিনি।
উল্লেখ্য, যুদ্ধের শুরুতে তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি (Ayatollah Ali Khamenei)-এর মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন মোজতবা খামেনি। দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত তিনি জনসমক্ষে আসেননি।


