সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে দারুণ পারফরম্যান্স দেখাচ্ছে বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম তিন দিনেই লাল-সবুজের তরুণরা ১টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জসহ মোট ৮টি পদক নিশ্চিত করেছে, যা পুরো আসরে বাংলাদেশের শক্ত অবস্থানের ইঙ্গিত দিচ্ছে।
শুক্রবার একদিনেই এসেছে ১টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জ পদক। এর আগে বৃহস্পতিবার দলগত ইভেন্টে অনূর্ধ্ব-১৯ বালক দল স্বর্ণ জেতে, আর অনূর্ধ্ব-১৯ বালিকা দল গ্রুপ পর্বে তৃতীয় হয়ে ব্রোঞ্জ অর্জন করে।
দলগত ইভেন্টে প্রত্যাশিত ফল না এলেও একক বিভাগে বাংলাদেশের এক নম্বর বালিকা খেলোয়াড় খই খই সাই মারমা দারুণ লড়াই চালিয়ে যাচ্ছেন। অনূর্ধ্ব-১৯ বালিকা এককে তিনি ভারতের অনন্যা মুরালিধরনের কাছে ৩-০ সেটে হেরে গেলেও মালদ্বীপের মোহাম্মদ ইব্রাহিম মিশকাতকে ৩-২ সেটে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন। সেখানে তার প্রতিপক্ষ শ্রীলঙ্কার শামালশা হালাওয়াথাগে।
অনূর্ধ্ব-১৯ বালক এককে নাফিজ ইকবাল শক্ত প্রতিপক্ষ প্রিয়ানুজ ভট্টাচার্যের কাছে ০-৩ সেটে হারলেও মালদ্বীপের এয়ন ইব্রাহিমকে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ আটে জায়গা করে নিয়েছেন। কোয়ার্টার ফাইনালে তিনি মুখোমুখি হবেন নেপালের হিমাল বিস্তার।
একই বিভাগে আবুল হাশেম হাসিবও লড়াই করে গ্রুপ রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন। নেপালের হিমাল বিস্তারের কাছে হারের পর শ্রীলঙ্কার হারিন মুনাসিংহ ও মালদ্বীপের মোহাম্মদ রাফিউকে ৩-০ সেটে হারিয়ে শেষ আট নিশ্চিত করেন। তার পরবর্তী প্রতিপক্ষ শ্রীলঙ্কার আকাইন রাজাভেলু।
অনূর্ধ্ব-১৫ বালক এককে মো. মিদুল রহমান ভারতের অক্ষয় কিরিকারারের কাছে হেরে গেলেও নেপালের বিপক্ষে জিতে গ্রুপ রানার্সআপ হয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন, যেখানে তার প্রতিপক্ষ শ্রীলঙ্কার সানন মেনুয়েলগে।
দ্বৈত ইভেন্টেও বাংলাদেশের সাফল্য চোখে পড়ার মতো। অনূর্ধ্ব-১৫ বালক দ্বৈতে মো. শাহীন আহমেদ ও মো. মিদুল রহমান সেমিফাইনালে হেরে ব্রোঞ্জ জিতেছেন। অনূর্ধ্ব-১৫ বালিকা দ্বৈতে মোসা. রাফিয়া চৌধুরী ও রোজা ইসলামও সেমিফাইনালে পৌঁছে ব্রোঞ্জ নিশ্চিত করেছেন।
অনূর্ধ্ব-১৯ বালক দ্বৈতে নাফিজ ইকবাল ও আবুল হাশেম হাসিব সেমিফাইনাল জিতে রৌপ্য নিশ্চিত করেছেন এবং ফাইনালে ভারতের বিপক্ষে খেলবেন।
অনূর্ধ্ব-১৯ বালিকা দ্বৈতে খই খই সাই মারমা ও রেশমী তৈঞ্চঙ্গা সেমিফাইনালে হেরে ব্রোঞ্জ পান। একইভাবে মিশ্র দ্বৈতে অনূর্ধ্ব-১৫ বিভাগে মিদুল রহমান ও রোজা ইসলাম এবং অনূর্ধ্ব-১৯ বিভাগে আবুল হাশেম হাসিব ও খই খই সাই মারমা সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করেছেন।
সব মিলিয়ে টুর্নামেন্টের শুরু থেকেই বাংলাদেশের তরুণ টেবিল টেনিস দল নিজেদের শক্ত অবস্থান জানান দিয়েছে। এখন লক্ষ্য এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে আরও বড় অর্জনের দিকে এগিয়ে যাওয়া।


