ভারতীয় সংগীতজগতের এক অবিস্মরণীয় অধ্যায়ের অবসান ঘটল। কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে (Asha Bhosle) আর নেই। রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি—এ তথ্য নিশ্চিত করেছেন তার ছেলে আনন্দ ভোঁসলে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে তার শেষকৃত্য সম্পন্ন হবে। এর আগে শনিবার (১১ এপ্রিল) তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল বলে চিকিৎসকরা জানান, এরপর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।
আশা ভোঁসলে শুধু একজন শিল্পী ছিলেন না, তিনি ছিলেন ভারতীয় প্লেব্যাক সংগীতের এক যুগের প্রতীক। আট দশকেরও বেশি সময় ধরে অসংখ্য ভাষায় গান গেয়ে তিনি কোটি কোটি শ্রোতার হৃদয়ে জায়গা করে নিয়েছেন। শাস্ত্রীয়, লোকসংগীত, গজল কিংবা আধুনিক—প্রতিটি ধারাতেই তার অসামান্য দক্ষতা তাকে অন্যদের থেকে আলাদা মর্যাদায় অধিষ্ঠিত করেছে।
তার গানের বৈচিত্র্য এবং কণ্ঠের স্বকীয়তা তাকে উপমহাদেশের সংগীতপ্রেমীদের কাছে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। সংগীতে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’ এবং ‘পদ্মবিভূষণ’-সহ বহু মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছেন।
এছাড়া একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার অর্জনের মাধ্যমে তিনি নিজেকে ভারতীয় সংগীতের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার কণ্ঠ, তার সুর, তার পরিবেশনা—সবকিছুই এখন স্মৃতির অংশ হয়ে থাকলেও, তার সৃষ্টি বেঁচে থাকবে প্রজন্মের পর প্রজন্ম।


