তুরস্কের কাছে ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ এবং ‘সবচেয়ে সুন্দরী নারীকে স্ত্রী’ হিসেবে দাবি করেছেন উগান্ডার সেনাপ্রধান ও প্রেসিডেন্টের ছেলে মুহুজি কাইনেরুগাবা (Muhoozi Kainerugaba)। দাবি পূরণ না হলে তুরস্কের দূতাবাস বন্ধসহ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকিও দিয়েছেন তিনি।
রোববার (১২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে তিনি এই বিতর্কিত মন্তব্য করেন। মুহুজি অভিযোগ করেন, সোমালিয়ায় দুই দশক ধরে উগান্ডা নিরাপত্তা নিশ্চিত করলেও বিভিন্ন বন্দর ও বিমানবন্দর প্রকল্প থেকে তুরস্ক (Turkey) লাভবান হচ্ছে, অথচ উগান্ডা যথাযথ অর্থনৈতিক সুবিধা পাচ্ছে না।
তিনি দাবি করেন, এই নিরাপত্তা সেবার বিপরীতে উগান্ডার পাওনা ১ বিলিয়ন ডলার। একই সঙ্গে তিনি তুরস্ককে ৩০ দিনের সময়সীমা বেঁধে দেন এবং দাবি পূরণ না হলে কাম্পালায় তুরস্কের দূতাবাস বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন।
তার পোস্টে আরও বলা হয়, তুরস্ক অর্থ না দিলে উগান্ডা কূটনৈতিক সম্পর্ক সীমিত করবে এবং নাগরিকদের তুরস্ক ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া উচিত।
বিতর্কিত ওই পোস্টে তিনি ইসরায়েলকে সমর্থন জানিয়ে পবিত্র ভূমি রক্ষায় এক লাখ উগান্ডান সেনা পাঠানোর প্রস্তুতির কথাও উল্লেখ করেন। তবে কিছুক্ষণের মধ্যেই তার সেই পোস্টটি এক্স থেকে মুছে ফেলা হয়।
এর আগে ২০২২ সালেও তিনি আন্তর্জাতিক আলোচনায় আসেন, যখন তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি (Giorgia Meloni)-কে বিয়ের প্রস্তাব দেন এবং গরু উপহার দেওয়ার ঘোষণা দেন।


