খাল খনন কর্মসূচিতে ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে তৈরি হওয়া আলোচনা ও সমালোচনার পর অবশেষে ভুল বোঝাবুঝির অবসানের কথা জানিয়েছেন কবি মাসুদ অরুন (Kobi Masud Arun)। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি (Shahid Uddin Chowdhury Annie)-র বিরুদ্ধে। বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে সমালোচনাও দেখা দেয়।
ঘটনার একদিন পর, সোমবার (১৩ এপ্রিল) শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে সাক্ষাৎ করেন মাসুদ অরুন। সাক্ষাতের পর তিনি জানান, পুরো বিষয়টি নিয়ে যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, সেটির অবসান হয়েছে।
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানির সঙ্গে সাক্ষাতের পর একটি ছবি শেয়ার করেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ অরুন। নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘শহীদউদ্দীন চৌধুরী এ্যানি আমার বন্ধু, আমার ভাই। খাল খনন কর্মসূচিতে উনি আমার সঙ্গে করমর্দন করেন, কুশলাদি বিনিময় করেন।’
তিনি আরও দাবি করেন, ‘অতিরিক্ত ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কির একপর্যায়ে কেউ একটি ভিডিও করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের সম্পর্ক নষ্ট করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।’
তার এই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে আলোচিত ঘটনাটি নিয়ে নতুন ব্যাখ্যা সামনে এলো। ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে যে জল্পনা তৈরি হয়েছিল, মাসুদ অরুনের বক্তব্যে তা অনেকটাই প্রশমিত হয়েছে।


