‘রামায়ণ’ প্রথম পর্বে মুখোমুখি নন রণবীর-যশ, ভক্তদের অপেক্ষায় নতুন মোড়

বলিউডের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘রামায়ণ’ ঘিরে দীর্ঘদিন ধরেই ভক্তদের উন্মাদনা তুঙ্গে। পরিচালক নীতীশ তিওয়ারি (Nitesh Tiwari)-এর এই মহাকাব্যিক প্রজেক্টে রাম ও রাবণের ভূমিকায় একসঙ্গে দেখা যাবে রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং যশ (Yash)—এই প্রত্যাশাই ছিল দর্শকদের মূল আকর্ষণ।

তবে সেই অপেক্ষায় আপাতত কিছুটা ভাটা পড়েছে। কারণ, স্বয়ং ‘রাবণ’ চরিত্রে অভিনয় করা যশ নিশ্চিত করেছেন, সিনেমার প্রথম পর্বে রাম অর্থাৎ রণবীর কাপুরের সঙ্গে তার কোনো দৃশ্যই নেই।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক এক সাক্ষাৎকারে যশ জানান, চলচ্চিত্রটির গল্পকে এমনভাবে ভাগ করা হয়েছে যেখানে প্রতিটি চরিত্রের নিজস্ব যাত্রা এবং প্রেক্ষাপটকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

যশ বলেন, ‘মজার ব্যাপার হলো, এই সিনেমার প্রথম পর্বে আমাদের দুজনের একসঙ্গে কোনো দৃশ্য নেই। যেহেতু এটি দুই পার্টে নির্মিত হচ্ছে, তাই প্রথম অংশে রাবণ হিসেবে আমার নিজস্ব রাজ্য লঙ্কার গল্প রয়েছে, আর রামের রয়েছে তার নিজস্ব অযোধ্যা।’

এই মন্তব্যের মধ্য দিয়ে পরিচালক নীতীশ তিওয়ারি (Nitesh Tiwari) এবং প্রযোজক নামিত মালহোত্রার পরিকল্পনার কৌশল আরও স্পষ্ট হয়ে উঠেছে। তারা তাড়াহুড়া করে দুই মহাতারকাকে মুখোমুখি না দাঁড় করিয়ে বরং প্রথম পর্বে চরিত্রগুলোর গভীরতা, তাদের ব্যক্তিগত দ্বন্দ্ব ও পটভূমিকে বড় করে তুলে ধরতে চাইছেন। মূলত দ্বিতীয় পর্বের বৃহৎ সংঘাতের ভিত্তি তৈরি করতেই এই ধীর নির্মাণভঙ্গি।

একই ফ্রেমে না দেখা গেলেও রণবীর কাপুর (Ranbir Kapoor)-এর প্রতি মুগ্ধতা লুকাননি যশ। তিনি বলেন, ‘আমাদের কয়েকবার দেখা হয়েছে। ও একজন অসাধারণ অভিনেতা। আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা রয়েছে। “রামায়ণ”-এর মতো বিশাল ও উচ্চাভিলাষী প্রজেক্টে কাজ করার সময় সবার লক্ষ্য থাকে নিজের সেরাটা দেওয়া।’

এই সিনেমায় রাম চরিত্রে রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং রাবণ হিসেবে যশ (Yash)-এর পাশাপাশি সীতা চরিত্রে অভিনয় করছেন সাই পল্লবী (Sai Pallavi)। আরও রয়েছেন সানি দেওল (Sunny Deol), রবি দুবে (Ravi Dubey), রাকুল প্রীত সিং (Rakul Preet Singh), বিবেক ওবেরয় (Vivek Oberoi), লারা দত্ত (Lara Dutta) এবং শিবা চাড্ডার মতো একঝাঁক তারকা।

বড় বাজেটের এই চলচ্চিত্রের প্রথম পর্ব মুক্তি পাওয়ার কথা ২০২৬ সালে, আর দ্বিতীয় পর্ব ২০২৭ সালে মুক্তি পাবে বলে জানা গেছে।