ঘড়ির কাঁটায় তখন রাত ২টা ৫৫ মিনিট। চারপাশে নীরবতা নেমে এলেও রাজধানীর গুলশানে রাজনৈতিক ব্যস্ততা যেন থামেনি এক মুহূর্তের জন্যও। সেখানেই প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলীয় গুরুত্বপূর্ণ কাজে গভীর রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করতে দেখা গেছে তারেক রহমান (Tarique Rahman)-কে।
শনিবার (১৮ এপ্রিল) বিকেল থেকে শুরু হওয়া এই সাক্ষাৎকার কার্যক্রম রাত গড়িয়েও অব্যাহত থাকে। দলীয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম জমা দেওয়া প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছেন তিনি।
এই সাক্ষাৎকার বোর্ডে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir) সহ দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং সিনিয়র নেতারা। এছাড়া অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং গুলশান কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও সার্বিক কার্যক্রমে যুক্ত ছিলেন।
দলীয় সূত্রে আরও জানা যায়, শনিবার বিকেল থেকে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়। তৃণমূল থেকে উঠে আসা যোগ্য ও ত্যাগী নেত্রীদের বাছাই করতে বিস্তারিত যাচাই-বাছাইয়ের ওপর গুরুত্ব দিচ্ছেন দলীয় প্রধান।
গুলশান কার্যালয়ের পরিবেশেও ছিল ভিন্নমাত্রার প্রাণচাঞ্চল্য। গভীর রাত পর্যন্ত প্রার্থীদের উপস্থিতিতে মুখর ছিল পুরো প্রাঙ্গণ। দেশের নানা প্রান্ত থেকে আসা মনোনয়নপ্রত্যাশীরা নিজেদের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক অবদান এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেছেন দলের শীর্ষ নেতৃত্বের সামনে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংরক্ষিত নারী আসনে যোগ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বাড়তি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (Bangladesh Nationalist Party)। সেই লক্ষ্যেই দীর্ঘ সময় ধরে এই ম্যারাথন সাক্ষাৎকার প্রক্রিয়া পরিচালনা করছেন দলটির শীর্ষ নেতা তারেক রহমান।
