ভারতের দিল্লি (Delhi)-র একটি হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন আফগানিস্তান ক্রিকেটের উত্থানের অন্যতম কারিগর ও সাবেক গতি তারকা শাপুর জাদরান (Shapoor Zadran)। ৩৮ বছর বয়সী এই বাঁ-হাতি পেসার বর্তমানে হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস (এইচএলএইচ) নামের একটি বিরল ও প্রাণসংহারী রোগে আক্রান্ত, যার সঙ্গে যুক্ত হয়েছে আরও কয়েকটি জটিল শারীরিক সমস্যা।
চলতি বছরের জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে আনা হয়। শুরুতেই তার শরীরে শ্বেত রক্তকণিকার পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে যায়। এর পাশাপাশি আগে করা একটি মেরুদণ্ডের অস্ত্রোপচারের জটিলতাও নতুন করে সমস্যা তৈরি করে।
পরবর্তীতে করা বোন ম্যারো পরীক্ষায় তার শরীরে এইচএলএইচ শনাক্ত হয়—একটি জটিল অবস্থা যা শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করে। এর মধ্যেই আবার যক্ষ্মা ও ডেঙ্গুর সংক্রমণ তাকে আরও দুর্বল করে দিয়েছে। ফলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা এখন একেবারেই ভেঙে পড়েছে।
এই খবর প্রকাশ্যে আসতেই ক্রিকেট অঙ্গনে নেমে এসেছে গভীর উদ্বেগ ও শোকের ছায়া। পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি (Shahid Afridi) শাপুরের পরিবারের সঙ্গে কথা বলে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দেন। তিনি লিখেছেন, “তুমি মাঠে সবসময়ই এক যোদ্ধা ছিলে, আমি জানি এই লড়াইয়েও তুমি জয়ী হবে।”
এছাড়া রশিদ খান (Rashid Khan), মোহাম্মদ নবী ও উমর আকমলসহ অনেক তারকা ক্রিকেটার তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।
বর্তমানে তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (Afghanistan Cricket Board)। একই সঙ্গে রশিদ খান তার ভিসা সংক্রান্ত জটিলতা দূর করতে বিশেষ সহায়তা দিয়েছেন।
২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের ঐতিহাসিক জয়ে শেষ রানটি এসেছিল শাপুরের ব্যাট থেকেই—যা আজও দেশটির ক্রিকেট ইতিহাসের এক স্মরণীয় মুহূর্ত। গত বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো এই পেসার তার ক্যারিয়ারে মোট ৮০টি আন্তর্জাতিক ম্যাচে ৮০টি উইকেট শিকার করেছেন। এর মধ্যে ওয়ানডেতে ৪৩ এবং টি-টোয়েন্টিতে ৩৭টি উইকেট রয়েছে তার ঝুলিতে।


