সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ফাহমিদা হক, পরিচিতির আড়ালে নতুন আলোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন টকশো ‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক ও পরিচালক জিল্লুর রহমান (Zillur Rahman)-এর স্ত্রী ফাহমিদা হক। দলটির চূড়ান্ত প্রার্থী তালিকায় তার অন্তর্ভুক্তি নতুন করে আলোচনা তৈরি করেছে রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক মহলে।

জিল্লুর রহমান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (Centre for Governance Studies – CGS)-এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে ফাহমিদা হক একই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য বা বোর্ড অব ডিরেক্টর হিসেবে যুক্ত আছেন। পাশাপাশি তিনি বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ফাহমিদা হকের বাড়ি নরসিংদীর বেলাবো উপজেলায় হলেও তার বেড়ে ওঠা ঢাকায়। তার ব্যক্তিগত জীবন নিয়ে একটি বিষয় বিশেষভাবে আলোচনায় এসেছে—সাংবাদিক জিল্লুর রহমান তার স্বামী হলেও নিজের সিভিতে সেই পরিচয় উল্লেখ করেননি তিনি। বরং সেখানে বাবার নাম জহিরুল হকের উল্লেখ রয়েছে।

দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ শেষে সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জনের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (BNP)। এই তালিকায় ফাহমিদা হকসহ আরও অনেক পরিচিত মুখ স্থান পেয়েছেন।

মনোনয়নপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা ও নাদিয়া পাঠান পাপন।

এই তালিকায় আরও কয়েকজন প্রভাবশালী নেতার স্বজনও রয়েছেন। যেমন—সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায় চৌধুরী, চট্টগ্রামের সাবেক এমপি ও হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার সাকিলা ফারজানা, নরসিংদী-১ আসনের এমপি খায়রুল কবির খোকনের স্ত্রী শিরিন সুলতানা এবং স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর স্ত্রী বীথিকা বিনতে হুসাইন।

মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশের পর আবারও সামনে এসেছে—দলীয় মূল্যায়নে ব্যক্তিগত যোগ্যতা, রাজনৈতিক অবদান এবং পারিবারিক পরিচয়ের প্রভাব—এই তিনের জটিল সমীকরণ।