১৯ বছরে অভিষেক-ঐশ্বরিয়ার দাম্পত্য: রাজকীয় বিয়ে থেকে ভালোবাসার দীর্ঘ পথচলা

বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন (Abhishek Bachchan) ও ঐশ্বরিয়া রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। ২০০৭ সালের ২০ এপ্রিল শুরু হয়েছিল তাদের দাম্পত্য জীবন, আর সেই মুহূর্ত থেকেই তারা হয়ে ওঠেন আলোচনার কেন্দ্রবিন্দু।

বলিউড ইতিহাসের অন্যতম হাইপ্রোফাইল এই বিয়ের সাক্ষী ছিলেন হাজারো ভক্ত ও গণমাধ্যমকর্মী। সময়ের হিসেবে কেটে গেছে প্রায় দুই দশক, তবুও অভিষেক-ঐশ্বরিয়ার সেই মহেন্দ্রক্ষণ আজও একইভাবে আলোচিত। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমের দাপট তখনও না থাকায়, তাদের বিয়ের অনেক কিছুই ছিল রহস্যে ঘেরা—যা পরবর্তীতে আরও আগ্রহ বাড়িয়েছে ভক্তদের মাঝে।

দীর্ঘ সময় পেরিয়ে গেলেও যে বিষয়টি এখনো সমানভাবে আলোচিত, তা হলো সাবেক এই বিশ্বসুন্দরীর রাজকীয় সাজ। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ঐশ্বরিয়ার বিয়ের শাড়িটি ডিজাইন করেছিলেন নীতা লুল্লা (Neeta Lulla)। সেই শাড়ির মূল্য ছিল তৎকালীন বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯০ লাখ টাকা।

এর সঙ্গে ছিল হীরা ও সোনার ভারী গয়না, আর অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) ও জয়া বচ্চন (Jaya Bachchan)-এর দেওয়া কয়েক কোটি টাকার মঙ্গলসূত্র। সব মিলিয়ে ঐশ্বরিয়ার সেই ব্রাইডাল লুক আজও বলিউডের ফ্যাশন ইতিহাসে এক আইকনিক উদাহরণ হয়ে আছে।

তবে এই জাঁকজমকের আড়ালে ছিল এক নিটোল প্রেমের গল্প। ২০০৬ সালে ‘উমরাও জান (Umrao Jaan)’ সিনেমার সেটে শুরু হওয়া সম্পর্ক ধীরে ধীরে গভীরতায় পৌঁছায়। সেই সম্পর্কের পূর্ণতা আসে নিউ ইয়র্কের এক হোটেলের বারান্দায়, যেখানে অভিষেক নিজেই ঐশ্বরিয়াকে জীবনসঙ্গী হওয়ার প্রস্তাব দেন।

এক সাক্ষাৎকারে অভিষেক স্মৃতিচারণ করে বলেছিলেন, সেই বিশেষ জায়গাটিতেই তিনি ভালোবাসার কথা প্রকাশ করেছিলেন। ‘গুরু (Guru)’ সিনেমার সাফল্যের আবহে দেওয়া সেই প্রস্তাব ফিরিয়ে দেননি ঐশ্বরিয়াও।

অবশেষে ২০ এপ্রিল হিন্দু রীতিতে চার হাত এক হওয়ার মধ্য দিয়ে শুরু হয় তাদের নতুন জীবন। এরপর থেকেই তারা বলিউডের ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিতি পান।

২০১১ সালে আরাধ্যা বচ্চন (Aaradhya Bachchan)-এর জন্মের পর এই দম্পতির জীবনে আসে নতুন অধ্যায়। অগ্রাধিকারের জায়গাও বদলে যায় অনেকটাই, তবে ভালোবাসা আর পারস্পরিক বোঝাপড়ার সেই গল্প এখনো একইভাবে মুগ্ধ করে ভক্তদের।