রেশন দুর্নীতি ও গম পাচারের অভিযোগে ভারতের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরাত জাহান (Nusrat Jahan)-কে আবারও তলব করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, আগামী বুধবার (২২ এপ্রিল) তাকে সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে। নতুন করে এই তলব ঘিরে রাজনৈতিক ও বিনোদন অঙ্গনে ফের আলোচনা শুরু হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, করোনাকালে সীমান্ত এলাকায় বাংলাদেশে গম পাচারের অভিযোগে কয়েকটি ট্রাক আটক করা হয়েছিল। সেই সময় বসিরহাটের সংসদ সদস্য ছিলেন নুসরাত জাহান। অভিযোগ অনুযায়ী, ওই ঘটনার সঙ্গে সম্পর্কিত আর্থিক লেনদেন ও যোগাযোগ খতিয়ে দেখতে ইডি তাকে জিজ্ঞাসাবাদ করতে চায়।
ইডির একটি সূত্রের দাবি, তদন্তে একাধিক নাম সামনে এসেছে এবং বাংলাদেশে গম পাচারের ঘটনায় কোনো অর্থনৈতিক লেনদেন হয়েছিল কি না, তা নিয়ে বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে।
নুসরাত জাহানের ঘনিষ্ঠ সূত্র জানায়, তিনি ইডির ডাকে সাড়া দিতে পারেন। তবে কলকাতার সিজিও কমপ্লেক্সের পরিবর্তে দিল্লিতে কেন্দ্রীয় সংস্থার সদর দপ্তরে গিয়ে হাজিরা দেওয়ার সম্ভাবনাও বিবেচনায় রয়েছে। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।
এর আগে ফ্ল্যাট দুর্নীতি সংক্রান্ত একটি মামলায়ও ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন এই অভিনেত্রী। নতুন করে তলবের ঘটনায় তিনি এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি।
তদন্ত চলমান থাকায় পুরো বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। তবে একাধিক মামলায় নাম আসায় বিষয়টি নিয়ে ভারতের রাজনৈতিক ও গণমাধ্যম অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


