‘মাইকেল’ বায়োপিক ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা, আগামীকালই মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পর্দায় আসছে পপ কিংবদন্তি মাইকেল জ্যাকসন (Michael Jackson)-এর জীবনভিত্তিক চলচ্চিত্র ‘মাইকেল’। শুক্রবার (২৪ এপ্রিল) আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত এই বায়োপিক, যা ঘিরে ইতোমধ্যেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে তুমুল উচ্ছ্বাস।

সবচেয়ে বড় সুখবর হলো, আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশেও সিনেমাটি দেখা যাবে—রাজধানীর জনপ্রিয় প্রেক্ষাগৃহ স্টার সিনেপ্লেক্স (Star Cineplex)-এ। দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা দর্শকদের জন্য এটি নিঃসন্দেহে বড় একটি আকর্ষণ।

সিনেমাটি পরিচালনা করেছেন অ্যান্টনি ফুকো (Antoine Fuqua)। এতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তার ভাইয়ের ছেলে জাফার জ্যাকসন (Jaafar Jackson)। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মাইলস টেলার (Miles Teller), কোলম্যান ডমিংগো, ক্যাট গ্রাহাম, নিয়াহ লং, লরা হ্যারিয়ার, কেনড্রিক স্যাম্পসন এবং জুলিয়ানো ক্রু ভ্যালদি।

মাইকেলের বাবা জো জ্যাকসনের ভূমিকায় দেখা যাবে কোলম্যান ডমিংগো (Colman Domingo)-কে। মা ক্যাথরিন জ্যাকসনের চরিত্রে রয়েছেন নিয়াহ লং, আর বোন লাটোয়া জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন জেসিকা সুলা। পাশাপাশি মোটাউন রেকর্ডসের প্রতিষ্ঠাতা বেরি গর্ডি, সংগীত নির্বাহী সুজান দে পাসে এবং ডায়ানা রসের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদেরও সিনেমায় তুলে ধরা হয়েছে।

সিনেমাটিতে দেখানো হবে মাইকেল জ্যাকসনের শৈশব থেকে শুরু করে জ্যাকসন ফাইভ ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী হিসেবে উত্থান, এরপর বিশ্বের সবচেয়ে বড় বিনোদন তারকায় পরিণত হওয়ার পূর্ণ যাত্রা। পাশাপাশি তার একক ক্যারিয়ারের সোনালি অধ্যায়, মঞ্চের বাইরের জীবন এবং ইতিহাস গড়া পারফরম্যান্সগুলোও ফুটিয়ে তোলা হয়েছে পর্দায়।

মুক্তির আগেই সিনেমাটি ভেঙেছে একাধিক রেকর্ড। গত বছরের নভেম্বরে প্রকাশিত টিজার মাত্র ২৪ ঘণ্টায় ১১৬.২ মিলিয়ন ভিউ পেয়ে ইতিহাস গড়ে, যা কোনো মিউজিক্যাল বায়োপিকের ক্ষেত্রে প্রথম। এরপর ফেব্রুয়ারিতে প্রকাশিত ট্রেলারও একদিনে ৫ মিলিয়নের বেশি ভিউ পায়।

বিশ্লেষকদের মতে, মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে বড় সাফল্য পেতে পারে। বাংলাদেশেও এর প্রভাব পড়বে বলে আশা করছেন স্টার সিনেপ্লেক্স-এর মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ। তিনি জানান, আশি-নব্বইয়ের দশক থেকে আজ পর্যন্ত বাংলাদেশে মাইকেল জ্যাকসনের অসংখ্য ভক্ত রয়েছেন এবং ইতোমধ্যেই অনেকেই অগ্রিম টিকিটের খোঁজ নিচ্ছেন।