দীর্ঘদিন ধরে বলিউড অঙ্গনে ঘুরপাক খাওয়া নানা জল্পনা-কল্পনার অবসান ঘটালেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan) নিজেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)-কে নিজের ‘সোলমেট’ বা ‘আত্মার বন্ধু’ বলে উল্লেখ করে বিচ্ছেদের সব গুঞ্জনকে একেবারেই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি।
প্রখ্যাত সাংবাদিক সুভাষ কে ঝা (Subhash K Jha)-এর সঙ্গে আলাপকালে অভিষেক তাদের সম্পর্কের শুরু থেকে দীর্ঘ পথচলার নানা স্মৃতি তুলে ধরেন। তিনি জানান, ২০০০ সালে ‘ঢাই অক্ষর প্রেম কে’ সিনেমার শুটিং সেটে প্রথম দেখা হলেও, প্রকৃত অর্থে ঐশ্বরিয়ার প্রতি ভালোবাসা অনুভব করেন জেপি দত্ত পরিচালিত ‘উমরাও জান’ ছবির কাজ করার সময়।
অভিষেক স্মৃতিচারণ করে বলেন, তাদের অভিনীত ‘গুরু’ সিনেমা মুক্তির কয়েক মাসের মধ্যেই তারা বিয়ের সিদ্ধান্ত নেন। এই প্রসঙ্গে তিনি বিশেষভাবে উল্লেখ করেন পরিচালক মণিরত্নম (Mani Ratnam)-এর নাম, যাকে তারা দুজনেই শুধু প্রিয় বন্ধু নয়, বরং এক ধরনের অভিভাবকসুলভ মানুষ হিসেবে দেখেন।
স্ত্রীর প্রশংসায় অভিষেকের কণ্ঠে ছিল স্পষ্ট আবেগ। তিনি বলেন, ‘অ্যাশ শুধু আমার সন্তানের মা নন, তিনি আমার আত্মার সঙ্গী। আমাদের মেয়ে আরাধ্যকে সঠিক মূল্যবোধ দিয়ে বড় করে তোলার পুরো কৃতিত্ব তার।’ দাম্পত্য জীবনের প্রায় দুই দশক পেরিয়ে এসে তিনি জানান, ‘আমাদের ১৯ বছরের সংসার জীবন যেন এক স্বপ্নের মতো কেটেছে। সামনে ২০তম বিবাহবার্ষিকী—সেটি ঘিরে আমার কিছু বিশেষ পরিকল্পনা রয়েছে, যদিও এখনই তা প্রকাশ করতে চাই না।’
হালকা রসিকতার সুরে সম্পর্ক টিকিয়ে রাখার একটি ‘টিপস’ও শেয়ার করেন এই অভিনেতা। তার ভাষায়, ‘প্রতিদিন রাতে ঘুমানোর আগে কোনো কারণ ছাড়াই স্ত্রীকে অন্তত তিনবার সরি বলা উচিত।’
অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পারিবারিক কিছু আনন্দঘন মুহূর্ত শেয়ার করেছেন ঐশ্বরিয়া রাই, যা এই দম্পতির সম্পর্কের দৃঢ়তাকেই ইঙ্গিত করে।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে বচ্চন পরিবারের অভ্যন্তরীণ টানাপোড়েন এবং এই তারকা দম্পতির বিচ্ছেদ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছিল। তবে অভিষেকের সাম্প্রতিক মন্তব্যে সেই সব গুঞ্জনের ইতি টানার ইঙ্গিত মিলেছে।


