বিয়ের মঞ্চেই দুঃস্বপ্ন—ভাবির ছোড়া কালো রঙে নষ্ট কনের সাদা গাউন

জীবনের সবচেয়ে আনন্দময় দিন হওয়ার কথা ছিল সেটি। কিন্তু ২০ বছরের প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসার মুহূর্তেই এক চরম দুঃস্বপ্নের মুখোমুখি হন ব্রিটিশ নারী জেমা মঙ্ক। তার অভিযোগ, নিজের ভাবি ১৮০০ পাউন্ড (প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা) মূল্যের ধবধবে সাদা বিয়ের গাউনে কালো রং ছুড়ে দিয়ে নষ্ট করে দেন সেই বিশেষ দিনের আনন্দ।

সম্প্রতি গুড মর্নিং ব্রিটেন (Good Morning Britain)-এ উপস্থিত হয়ে কান্নায় ভেঙে পড়েন জেমা। ব্রিটিশ টেলিভিশন নেটওয়ার্ক আইটিভি (ITV)-এর এই জনপ্রিয় অনুষ্ঠানে তিনি জানান, গত বছরের মে মাসে বিয়ের ঠিক আগ মুহূর্তে এই ঘটনা ঘটান তার বড় ভাইয়ের স্ত্রী আন্তোনিয়া ইস্টউড।

ঘটনার বর্ণনায় জেমা বলেন, বিয়ের মঞ্চে যাওয়ার জন্য তিনি যখন পুরোপুরি প্রস্তুত, ঠিক তখনই অতর্কিতভাবে তার গায়ে কালো রং ছুড়ে মারা হয়। মুহূর্তেই নষ্ট হয়ে যায় তার দামি বিয়ের পোশাক। পরিস্থিতি সামলে নিতে উপস্থিত একজনের দেওয়া অন্য একটি পোশাক পরে শেষ পর্যন্ত বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি।

২০২৪ সালের সেই ঘটনার পর আইনি প্রক্রিয়া শেষে গত সপ্তাহে আদালত আন্তোনিয়াকে ১০ মাসের কারাদণ্ড দেয়, যার সঙ্গে রয়েছে ১২ মাসের স্থগিতাদেশ। অনুষ্ঠানে জেমার স্বামীও উপস্থিত ছিলেন। সেখানে জেমা বলেন, অভিযুক্ত ব্যক্তি তার এবং অনুষ্ঠানস্থলের সম্পত্তি নষ্ট করার দায়ে দোষী সাব্যস্ত হলেও তার মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি। এমনকি তিনি সরাসরি ক্ষমাও চাননি।

কেন এমন আচরণ—এই প্রশ্নের জবাবে জেমা জানান, তিনি নিজেও সুনির্দিষ্ট কারণ জানেন না। তবে তার ধারণা, ভাইয়ের সঙ্গে তার সুসম্পর্ক দেখেই হয়তো ঈর্ষা থেকেই এমন আচরণ করেছেন তার ভাবি। এই ঘটনার পর থেকে নিজের ভাই অ্যাশলের সঙ্গেও সম্পর্ক ছিন্ন হয়েছে তার।

অনুষ্ঠানের সঞ্চালক সুজানা রিড জানান, তারা অভিযুক্ত আন্তোনিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

পুরোনো সেই তিক্ত স্মৃতি ভুলতে আগামী বছর আবারও বিয়ের শপথ নেওয়ার পরিকল্পনা করছেন জেমা ও তার স্বামী। তবে সেই দিনের অভিজ্ঞতা এখনো তাকে তাড়া করে ফেরে। জেমার ভাষায়, “ওই দিনটি আমার জীবনের সবচেয়ে বড় ট্রমা। আমি তাকে কোনোদিন ক্ষমা করব না।”