যুক্তরাষ্ট্র (United States) ও ইরান (Iran)-এর মধ্যে চলমান আলোচনা ঘিরে যখন অনিশ্চয়তা ক্রমেই ঘনীভূত হচ্ছে, ঠিক তখনই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)-এর এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে কেন্দ্র করে।
নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল (Truth Social)-এ দেওয়া ওই পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরান পরমাণু অস্ত্রমুক্ত চুক্তির পথে এগোতে ব্যর্থ হচ্ছে। তেহরানকে সরাসরি সতর্ক করে তিনি লেখেন, ইরানকে ‘দ্রুত বুদ্ধিমান’ হতে হবে—অর্থাৎ বাস্তব পরিস্থিতি বোঝা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।
শুধু লেখাতেই সীমাবদ্ধ থাকেননি ট্রাম্প; পোস্টের সঙ্গে একটি চিত্রও শেয়ার করেন, যেখানে তার পেছনে ভয়াবহ বিস্ফোরণের দৃশ্য ফুটে উঠেছে। ছবিটির ওপর বড় অক্ষরে লেখা ছিল—‘নো মোর মি. নাইস গাই!’ (ভদ্র সাজার দিন শেষ!)। এই ভিজ্যুয়াল বার্তাটি কূটনৈতিক ভাষার বাইরে গিয়ে আরও কঠোর অবস্থানের ইঙ্গিত দেয় বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
সাম্প্রতিক সময়ে ট্রাম্পের বক্তব্যে দ্বৈত সুর লক্ষ্য করা যাচ্ছে। একদিকে তিনি কূটনৈতিক সমাধানের সম্ভাবনার কথা বলছেন, অন্যদিকে আলোচনায় অগ্রগতি না হলে ‘ভয়াবহ পরিণতি’র হুঁশিয়ারিও দিচ্ছেন। ফলে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে বাড়ছে উদ্বেগ।
বিশ্লেষকদের মতে, এমন বার্তা শুধু দুই দেশের মধ্যকার সম্পর্ককেই প্রভাবিত করে না, বরং বৃহত্তর মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক স্থিতিশীলতার ওপরও প্রভাব ফেলতে পারে।


