রাজধানীর অভিজাত এলাকা বনানীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের বহনকারী গাড়িতে সজোরে ধাক্কা দিয়েছে ট্রাস্ট পরিবহনের একটি মিনিবাস। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত প্রায় ৯টা ৫০ মিনিটে রাজধানীর বনানী থানার বীর উত্তম জিয়াউর রহমান সড়কের আউটগোয়িং অংশে দুর্ঘটনাটি ঘটে। চেয়ারম্যান বাড়ি ফুটওভার ব্রিজের নিচে পৌঁছানোর পর হঠাৎ করেই ট্রাস্ট পরিবহনের একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদের (Shama Obaed) বহনকারী গাড়িটির পেছনে সজোরে ধাক্কা দেয়।
এতে প্রতিমন্ত্রীর ব্যবহৃত গাড়িটির পেছনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি এবং প্রতিমন্ত্রীসহ গাড়িতে থাকা অন্যান্য যাত্রীরা অক্ষত রয়েছেন।
ঘটনার পরপরই বনানী থানা পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অভিযুক্ত বাসচালক ওমর ফারুককে আটক করা হয় এবং পরবর্তীতে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
