‘কুকি-চিনের’ পোশাক তৈরির মামলায় জামিন জালিয়াতি, বেঞ্চ অফিসার সাময়িক বরখাস্ত

‘কুকি-চিনের’ ২০ হাজার পোশাক তৈরির মামলার প্রধান আসামির জালিয়াতির মাধ্যমে জামিন নেওয়ার ঘটনায় হাইকোর্টের বেঞ্চ অফিসার জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রায় সাত মাস আগে উচ্চ আদালতে তথ্য গোপন করে জামিন জালিয়াতির ঘটনা ঘটলেও বিষয়টি প্রকাশ্যে আসে গত সপ্তাহে।

মামলার আরেক আসামি উচ্চ আদালতে জামিন চাইতে এসে ওই প্রধান আসামির জামিন পাওয়ার দৃষ্টান্ত তুলে ধরেন। তখনই সামনে আসে চাঞ্চল্যকর এই জালিয়াতির ঘটনা। পরে বিষয়টি সরাসরি প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর (Zubayer Rahman Chowdhury) নজরে আনেন রাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল (Md Ruhul Quddus Kajol)।

অ্যাটর্নি জেনারেলের অভিযোগ আমলে নিয়ে ঘটনা তদন্তে বুধবার রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকীকে (Habibur Rahman Siddiqui) নির্দেশ দেন প্রধান বিচারপতি। একই সঙ্গে ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এরই মধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।