নেপালে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৫ শুটিংয়ে ব্যস্ত অমি, যুক্ত হয়েছেন নেপালি অভিনেত্রীও

নেপালে চলছে জনপ্রিয় সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৫-এর শুটিং। নির্মাতা কাজল আরেফিন অমি (Kajal Arefin Ome)–র পরিচালনায় এই শুটিংয়ে কয়েক দিন ধরেই অংশ নিচ্ছেন কাবিলা, হাবু, পাশা, নেহাল, আরেফিনসহ বিভিন্ন চরিত্রের শিল্পীরা। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন নেপালি অভিনেত্রী রাজেশ্রী থাপা। সিরিজের চ্যাপ্টার ১২–তে এই অংশের দৃশ্যগুলো তুলে ধরা হবে বলে জানা গেছে।

এবার শুধু নির্মাণ নয়, প্রযোজনার দায়িত্বও নিজের কাঁধে নিয়েছেন অমি। নেপাল থেকে তিনি জানান, এবার তিনি কেবল কনটেন্টের ব্যবসায়িক দিক নয়, বরং গল্পের আবেগ ও সৃজনশীলতার দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন। তার ভাষায়, “আমি নিজেই লিখি, অনেক কিছু কল্পনা করি—সেই গল্পগুলোই বাস্তবে তুলে ধরার চেষ্টা করছি।”

তিনি আরও বলেন, আগে পরিকল্পনা থাকলেও নানা কারণে নেপালে শুটিং করা সম্ভব হয়নি। এবার সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। খরচের বিষয়টি বড় করে না ভেবে, আবেগ থেকেই পুরো টিমকে নিয়ে ১০ দিনের শুটিংয়ের আয়োজন করা হয়েছে। শুটিংয়ের আগে রেকি করা হয়েছে এবং প্রতিটি দৃশ্যকে উপভোগ করেই ধারণ করা হচ্ছে বলে জানান তিনি।

অমির মতে, আসন্ন চ্যাপ্টার ১২ দর্শকদের জন্য আন্তর্জাতিক মানের ওয়েব সিরিজের অভিজ্ঞতা তৈরি করবে। ব্যাচেলর পয়েন্টের চরিত্রগুলো কোন গল্পের প্রেক্ষাপটে নেপালে পৌঁছেছে, সেটি নিয়েও থাকবে বিশেষ চমক।

তিনি আরও বলেন, ভবিষ্যতে অন্য দেশেও শুটিংয়ের পরিকল্পনা থাকতে পারে। একই সঙ্গে তিনি জানান, যারা শুটিংয়ে অংশ নিচ্ছেন তারা সবাই ‘অরিজিনাল গ্যাং’, এবং তাদের একসঙ্গে ফ্রেমে দেখলে তার নিজেরও নস্টালজিয়া কাজ করে। দর্শকরাও এই চরিত্রগুলোর সঙ্গে আবেগঘনভাবে যুক্ত থাকেন বলে মন্তব্য করেন তিনি।

‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৫ প্রচারিত হচ্ছে চ্যানেল আইটিভি, বুম ফিল্ম এবং বঙ্গ—এই তিন প্ল্যাটফর্মে। এতে অভিনয় করছেন পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, তৌসিফ মাহবুব, পাভেলসহ আরও অনেকে। নতুন করে যুক্ত হয়েছেন শামীম হাসান সরকার। এছাড়া রয়েছেন মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, ইশতিয়াক রোমেল, স্পর্শিয়া, জায়েফসহ একাধিক পরিচিত মুখ।