বাংলাদেশ পুলিশের প্রশাসনে বড় ধরনের রদবদল আনা হয়েছে। দেশের ১২ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগের পাশাপাশি মোট ৩৯ জন কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ।
প্রথম প্রজ্ঞাপনে পঞ্চগড়, বান্দরবন, জয়পুরহাট, পাবনা, নীলফামারী, নড়াইল, সাতক্ষীরা, চাঁদপুর, ঝালকাঠি, মৌলভীবাজার, চট্টগ্রাম এবং ফেনীতে নতুন পুলিশ সুপার নিয়োগসহ ১১ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, পঞ্চগড়ের পুলিশ সুপার রবিউল ইসলামকে নৌ পুলিশে পাঠানো হয়েছে। ময়মনসিংহের মুক্তাগাছা এপিবিএন-২-এর পুলিশ সুপার মিজানুর রহমানকে পঞ্চগড়ের নতুন এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বান্দরবনের পুলিশ সুপার আবদুর রহমানকে আরএমপির উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে, আর এসবির (ঢাকা) পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকারকে বান্দরবনের নতুন এসপি করা হয়েছে।
জয়পুরহাটের পুলিশ সুপার মিনা মাহমুদাকে ডিএমপির উপপুলিশ কমিশনার পদে নেওয়া হয়েছে। ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার শাহনাজ বেগমকে জয়পুরহাটে পাঠানো হয়েছে। পাবনার পুলিশ সুপার আনোয়ার জাহিদকে এসবিতে বদলি করা হয়েছে, আর এসবির পুলিশ সুপার ছুফি উল্লাহকে পাবনার দায়িত্ব দেওয়া হয়েছে।
নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামকে ডিএমপির উপপুলিশ কমিশনার করা হয়েছে এবং শিল্পাঞ্চলের পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁনকে নীলফামারীতে পাঠানো হয়েছে। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।
অন্যদিকে, ডিএমপির উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীকে নড়াইলের নতুন এসপি করা হয়েছে। সাতক্ষীরার পুলিশ সুপার আরেফিন জুয়েলকে এপিবিএনে বদলি করা হয়েছে এবং রাজশাহীর সারদার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমকে সাতক্ষীরার দায়িত্ব দেওয়া হয়েছে।
চাঁদপুরের পুলিশ সুপার রবিউল হাসানকে ডিএমপির উপপুলিশ কমিশনার করা হয়েছে। ঝালকাঠির পুলিশ সুপার মিজানুর রহমানকে চাঁদপুরে পাঠানো হয়েছে এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে ঝালকাঠির নতুন এসপি করা হয়েছে।
মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনকে নৌ পুলিশে বদলি করা হয়েছে। আরএমপির উপপুলিশ কমিশনার রিয়াজুল ইসলামকে মৌলভীবাজারের এসপি করা হয়েছে। চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁনকে এপিবিএনে পাঠানো হয়েছে এবং ডিএমপির উপপুলিশ কমিশনার মাসুদ আলমকে চট্টগ্রামের দায়িত্ব দেওয়া হয়েছে।
ফেনীর পুলিশ সুপার শফিকুল ইসলামকে পুলিশ সদরদফতরের এআইজি করা হয়েছে। সিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে ফেনীর নতুন এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
দ্বিতীয় প্রজ্ঞাপনে ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ১৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
এতে বলা হয়, সিলেট রেঞ্জের ডিআইজি মুশফেকুর রহমানকে পুলিশ অধিদফতরে বদলি করা হয়েছে। আরএমপির পুলিশ কমিশনার জিল্লুর রহমানকে সিলেট রেঞ্জে পাঠানো হয়েছে। এসবির (ঢাকা) ডিআইজি মোহাম্মদ ফয়েজুল কবিরকে আরএমপির কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বরিশালের পুলিশ কমিশনার শফিকুল ইসলামকে ট্যুরিস্ট পুলিশের ডিআইজি করা হয়েছে। পুলিশ অধিদফতরের ডিআইজি আশিক সাঈদকে বরিশালের পুলিশ কমিশনার হিসেবে পাঠানো হয়েছে।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলামকে সিআইডির ডিআইজি করা হয়েছে। সিআইডির ডিআইজি আবুল বাশার তালুকদারকে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। সানা শামীনুর রহমানকে সিআইডির ডিআইজি এবং মোহাম্মদ শামসুল হককে ডিএমপির অতিরিক্ত কমিশনার করা হয়েছে।
এছাড়া উপসচিব পদ থেকে প্রত্যাগত ড. শাহেদুল আকবর খানকে এসবির বিশেষ পুলিশ সুপার করা হয়েছে। ১৩ এপিবিএনের পুলিশ সুপার ড. এলিজা শারমীনকে পুলিশ অধিদফতরে টিআর পদে দেওয়া হয়েছে।
ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান ও কাজী আখতার উল আলমকে এসবির বিশেষ পুলিশ সুপার করা হয়েছে। মোহাম্মদ মোর্শেদ আলম ও মোহাম্মদ আহাদুজ্জামান মিয়াকে কেএমপির উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুর রহমানকে পদোন্নতি দিয়ে ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার করা হয়েছে।
প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
