পশ্চিমবঙ্গসহ ভারতের দুই রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনে বিজেপি তথা এনডিএর বড় জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)-কে ফোন করে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।
হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই মঙ্গলবার সংবাদসংস্থা পিটিআইকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের সাম্প্রতিক নির্বাচনে বিজেপির ঐতিহাসিক ও নির্ণায়ক বিজয়ের জন্য প্রধানমন্ত্রী মোদীকে অভিনন্দন জানিয়েছেন।
কুশ দেশাই আরও বলেন, গত মাসে দুই নেতার ফোনালাপেও ট্রাম্প মোদীর প্রতি নিজের শ্রদ্ধার কথা প্রকাশ করেছিলেন। তখন তিনি মন্তব্য করেছিলেন, ‘ভারত সত্যিই ভাগ্যবান যে মোদীর মতো একজন নেতাকে পেয়েছে।’
সোমবার প্রকাশিত নির্বাচনী ফলাফলে দেখা যায়, পশ্চিমবঙ্গ (West Bengal) বিধানসভা নির্বাচনে বিজেপি দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে জয় পেয়েছে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো রাজ্যটির ক্ষমতায় যেতে চলেছে দলটি। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেড় দশকের শাসনের অবসান ঘটেছে।
অন্যদিকে অসম (Assam)-এ টানা তৃতীয়বারের মতো জয় পেয়েছে মোদীর দল। পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও এনআর কংগ্রেসের জোটসঙ্গী হিসেবে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় ফিরেছে বিজেপি।
ভারতের এই নির্বাচনী ফলাফল দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ বদলে যাওয়াকে অনেকেই তাৎপর্যপূর্ণ পরিবর্তন হিসেবে দেখছেন।


