ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে আজ যুক্ত হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। প্রথমবারের মতো রাজ্যটির মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ভারতীয় জনতা পার্টি (Bharatiya Janata Party-BJP)-র কোনো নেতা। আজ শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
শুক্রবার (৮ মে) বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) আনুষ্ঠানিকভাবে শুভেন্দু অধিকারীর নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিও।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ ভেঙে পশ্চিমবঙ্গে বিজেপির এই উত্থান শুধু রাজ্য রাজনীতিতেই নয়, জাতীয় রাজনীতিতেও বড় বার্তা হিসেবে দেখা হচ্ছে।
আজকের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), অমিত শাহসহ বিজেপির কেন্দ্রীয় শীর্ষ নেতাদের। পাশাপাশি দেশের অন্তত ২০টি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে।
অনুষ্ঠানকে ঘিরে কলকাতাজুড়ে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে ৩৫টি নিরাপত্তা সেক্টরে ভাগ করা হয়েছে। মোতায়েন করা হয়েছে প্রায় ৪ হাজার পুলিশ সদস্য।
শুধু রাজনৈতিক আয়োজন নয়, শপথ অনুষ্ঠানকে ঘিরে বাঙালি সংস্কৃতির ছোঁয়াও রাখা হয়েছে বিশেষভাবে। মূল মঞ্চে বড় আকারের দুর্গামূর্তি স্থাপন করা হচ্ছে। পাশাপাশি বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে বিভিন্ন প্রতিকৃতি ও নকশায় সাজানো হয়েছে পুরো অনুষ্ঠানস্থল।
দর্শনার্থীদের জন্য মাঠজুড়ে থাকছে খাবারের স্টলও। সেখানে ঝালমুড়ি, রসগোল্লা, সন্দেশসহ বিভিন্ন ঐতিহ্যবাহী বাঙালি খাবারের আয়োজন রাখা হয়েছে।
পশ্চিমবঙ্গের দীর্ঘদিনের রাজনৈতিক বাস্তবতায় এই শপথ অনুষ্ঠানকে অনেকেই ‘ক্ষমতার পালাবদলের প্রতীকী মুহূর্ত’ হিসেবে দেখছেন। কারণ, টানা দেড় দশকের তৃণমূল শাসনের অবসানের পর এবার রাজ্যের প্রশাসনিক নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে আসছে বিজেপি।


