দ্বিতীয়বারও টিকল না আবু ত্বহা আদনানের সংসার, চার মাসেই বিচ্ছেদ

আবারও ভেঙে গেল আলোচিত তরুণ ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান (Abu Twaha Muhammad Adnan) ও তার স্ত্রী সাবিকুন্নাহার সারার সংসার। দ্বিতীয়বার বিয়ের মাত্র চার মাসের মাথায় তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটেছে।

শনিবার (৯ মে) সাবিকুন্নাহার সারা নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত রমজানের চাঁদরাতেই তাদের মধ্যে চূড়ান্ত বিচ্ছেদ ঘটে। ওই দিনই আবু ত্বহা আদনান তাকে তালা’\ক দেন।

জানা গেছে, গত বছরের ২ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আবু ত্বহা আদনান ও সারা। পারিবারিক উদ্যোগ ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে নতুন করে সংসার শুরু করেছিলেন তারা। তবে সেই সম্পর্কও শেষ পর্যন্ত দীর্ঘস্থায়ী হয়নি।

এর আগে দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে গত বছরের ২১ অক্টোবর প্রথমবার তাদের বিচ্ছেদ হয়। পরে দুই পরিবার ও কাছের মানুষের মধ্যস্থতায় পুনরায় এক হন তারা। কিন্তু দ্বিতীয় দফার সেই সংসারও শেষ পর্যন্ত ভেঙে গেল।

রংপুর (Rangpur)-এর তরুণ ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ২০১৭ সালে ইউটিউবে বক্তব্য দেওয়া শুরু করে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন। বিশেষ করে ধর্মীয় আলোচনা ও সামাজিক বিভিন্ন ইস্যুতে তার বক্তব্য তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

২০২৩ সালের জুনে ঢাকায় যাওয়ার পথে তিন সঙ্গী ও গাড়িচালকসহ নিখোঁজ হওয়ার ঘটনায় দেশজুড়ে আলোচনায় আসেন তিনি। আট দিন পর তিনি রংপুরে শ্বশুরবাড়িতে ফিরে আসেন। পরে পুলিশ জানায়, তিনি ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন এবং ঘটনাটির সঙ্গে কোনো অপরাধমূলক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

তবে সেই নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে দেশব্যাপী ব্যাপক আলোচনা তৈরি হয়েছিল, যা তার পরিচিতি আরও বাড়িয়ে দেয়।