২০৩৬ সালের মধ্যে সরকারি দল হওয়ার স্বপ্ন দেখছে এনসিপি: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party-NCP) ২০৩৬ সালের মধ্যে জনগণের প্রতিনিধিত্বকারী সরকারি দল হিসেবে আত্মপ্রকাশের লক্ষ্য নিয়ে এগোচ্ছে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম (Sarjis Alam)।

রোববার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচনের জন্য ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীদের নাম ঘোষণা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সারজিস আলম জানান, প্রথম ধাপে দেশের ১৩টি সিটি করপোরেশনের মধ্যে পাঁচটির প্রার্থী ঘোষণা করা হয়েছে। খুব শিগগিরই বাকি সিটি করপোরেশনগুলোর প্রার্থীদের নামও প্রকাশ করা হবে।

তিনি বলেন, বর্তমানে দেশে ৫০০ উপজেলা ও ৩৩০ পৌরসভাসহ মোট ৮৩০টি ইউনিট রয়েছে। প্রথম ধাপে প্রার্থী হওয়ার জন্য এক হাজারের বেশি আবেদন জমা পড়েছিল। যাচাই-বাছাই শেষে প্রাথমিকভাবে ১০০ জনের নাম ঘোষণা করা হয়েছে।

আগামী মে মাসের মধ্যেই দ্বিতীয় ধাপে আরও ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

এনসিপির এই নেতা বলেন, দলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাদের পাশাপাশি অন্য রাজনৈতিক দল থেকে গ্রহণযোগ্য ও পরিচ্ছন্ন ভাবমূর্তির ব্যক্তিরাও এনসিপির মনোনয়ন পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। তবে ফ্যা’\সিবাদের সঙ্গে সম্পৃক্ততা কিংবা ফৌ’\জদারি অপরাধে জড়িতদের কোনো সুযোগ দেওয়া হবে না বলে স্পষ্ট জানান তিনি।

সারজিস আলম বলেন, “রাজনৈতিক দল হিসেবে এনসিপি ২০৩৬ সালের মধ্যে জনগণের প্রতিনিধিত্বকারী সরকারি দল হওয়ার স্বপ্ন দেখে। সে কারণে জোটগতভাবে নির্বাচন হবে কি না—এই অনিশ্চয়তায় বসে না থেকে দল এককভাবেও প্রস্তুতি নিচ্ছে।”

তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা এবং নেতাকর্মীদের প্রস্তুতির সুযোগ দিতেই উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে প্রার্থী ঘোষণা করা হচ্ছে।

প্রথম ধাপে ঘোষিত প্রার্থীদের মধ্যে রংপুর বিভাগের বিভিন্ন উপজেলা ও পৌরসভার নামও তুলে ধরা হয়। এর মধ্যে পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলা চেয়ারম্যান পদে মো. হাবিবুর রহমান হাবিব, বোদা উপজেলা চেয়ারম্যান পদে শিশির আসাদ এবং দেবীগঞ্জ পৌর মেয়র পদে মাসুদ পারভেজের নাম ঘোষণা করা হয়েছে।

এছাড়া ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা চেয়ারম্যান পদে গোলাম মর্তুজা সেলিম, দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান পদে ইমরান চৌধুরী, বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে মাওলানা এম এ তাফসির হাসান, ফুলবাড়ী পৌর মেয়র পদে শিহাব হোসেন, ঘোড়াঘাট পৌর মেয়র পদে মোহাম্মদ আব্দুল মান্নান এবং হাকিমপুর পৌর মেয়র পদে মোহাম্মদ রায়হান কবিরের নাম ঘোষণা করা হয়।

নীলফামারীর জলঢাকা উপজেলা চেয়ারম্যান পদে আবু সাঈদ লিওন, সদর উপজেলা চেয়ারম্যান পদে ডা. মোহাম্মদ কামরুল ইসলাম, কুড়িগ্রাম সদর পৌর মেয়র পদে মোহাম্মদ মাসুম মিয়া, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে শাহ সুলতান নাসিরউদ্দিন আহমেদ, রংপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে কৃষ্ণচন্দ্র বর্মন এবং গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা চেয়ারম্যান পদে মোহাম্মদ খাদেমুল ইসলাম খুদির নামও ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (Asif Mahmud Sajib Bhuiyan) ও গ্লোবাল ডায়াস্পোরা সেলের প্রধান আলাউদ্দীন মোহাম্মদ (Alauddin Mohammad) উপস্থিত ছিলেন।