তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথে নজরে তৃষা কৃষ্ণন, ভিড়ের চাপে অস্বস্তিতে অভিনেত্রী

আজ (১০ মে) তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় (Thalapathy Vijay)। তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে অপ্রত্যাশিতভাবে বিপাকে পড়েন অভিনেত্রী তৃষা কৃষ্ণন (Trisha Krishnan)।

গত কয়েক মাস ধরে থালাপতি বিজয় ও তৃষা কৃষ্ণনের সম্পর্ক নিয়ে বিনোদনদুনিয়ায় নানা গুঞ্জন ঘুরছে। সেই প্রেক্ষাপটে বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানে তৃষার উপস্থিতিকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। তবে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠা এই উপস্থিতি শেষ পর্যন্ত অভিনেত্রীর জন্য কিছুটা অস্বস্তিকর পরিস্থিতিও তৈরি করে।

অনুষ্ঠানে পৌঁছে দর্শকআসনে বসেন তৃষা। যেখানে বিজয়ের পরিবার ও খ্যাতনামা অতিথিরা ছিলেন, সেখানেই তৃষা ও তাঁর মা আসন নেন। কিন্তু শপথগ্রহণের পর্ব শেষ হতেই পরিস্থিতি বদলে যায়। মানুষের ঢলের মধ্যে আটকে পড়েন অভিনেত্রী।

তৃষাকে সামনে দেখে অনুরাগীরা দ্রুত তাঁর দিকে এগিয়ে আসেন। মুহূর্তেই তাঁকে ঘিরে ধরেন অনেকে। কেউ ছবি তুলতে চান, কেউ কাছ থেকে একনজর দেখতে চান প্রিয় অভিনেত্রীকে। ভিড়ের চাপে অস্বস্তিকর পরিবেশ তৈরি হলেও মেজাজ হারাননি তৃষা। বরং মুখে হাসি রেখেই ধীরে ধীরে জনতার ভিড় পেরিয়ে বেরিয়ে আসেন তিনি।

গত কয়েক মাসে বিজয়ের সঙ্গে নাম জড়ানোয় তৃষাকে নিয়েও কম কাটাছেঁড়া হয়নি। নিন্দুকেরা তাঁকে নিয়ে নানা কটাক্ষও করেছেন। তবে সেই বিতর্ক বা গুঞ্জন নিয়ে ক্যামেরার সামনে কোনো প্রতিক্রিয়া দেখাননি অভিনেত্রী। এদিনও সেই একই সংযম দেখা গেল তাঁর আচরণে। হাসিমুখে পরিস্থিতি সামলে বেরিয়ে আসেন তিনি।

শপথগ্রহণ অনুষ্ঠানে তৃষার সাজও নজর কাড়ে। তাঁর পরনে ছিল নীল সিল্কের শাড়ি, সঙ্গে বেইজ রঙের সূক্ষ্ম সুতোর কাজ করা ব্লাউজ। মানানসই সোনার গয়নায় সাজ সম্পূর্ণ করেন তিনি। বিশেষ করে গলায় থাকা হিরে ও চুনির হার আলাদা করে দৃষ্টি আকর্ষণ করে। হালকা মেকআপ, খোঁপায় জুঁই ফুলের মালা—সব মিলিয়ে তৃষাকে দেখে মুগ্ধ হন তাঁর অনুরাগীরা।

সকালেই তৃষার বাড়ির সামনে পৌঁছে গিয়েছিলেন ক্যামেরাম্যানরা। বাড়ি থেকে বের হতেই তাঁদের মুখোমুখি হন অভিনেত্রী। শপথগ্রহণ অনুষ্ঠান নিয়ে জানতে চাইলে স্বল্প কথায় তিনি বলেন, “উদগ্রীব হয়ে আছি।”

তবে বিজয়ের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে এখনো নীরব তৃষা। আলোচনার কেন্দ্রে থেকেও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।