আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬ (FIFA World Cup 2026)-এর উদ্বোধনী আয়োজনে যুক্ত হলো বাংলাদেশের নাম। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীত প্রযোজক ও ডিজে সঞ্জয় (DJ Sanjoy)।
আগামী ১২ জুন যুক্তরাষ্ট্রের সোফাই স্টেডিয়াম (SoFi Stadium)-এ আয়োজিত জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বখ্যাত সংগীত তারকাদের সঙ্গে একই মঞ্চে দেখা যাবে তাকে। আয়োজকদের প্রকাশিত তালিকা অনুযায়ী, এই অনুষ্ঠানে আরও পারফর্ম করবেন কেটি পেরি, ফিউচার, অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে, জে বালভিন এবং লিসা।
বিশ্বকাপের মতো বৈশ্বিক আয়োজনে অংশ নেওয়ার সুযোগকে নিজের জীবনের এক অবিশ্বাস্য মুহূর্ত হিসেবে দেখছেন সঞ্জয়। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ছোট একটি ঘরের স্টুডিও থেকে শুরু হওয়া যাত্রা আজ বিশ্বমঞ্চে পৌঁছাতে যাচ্ছে— যা তার কাছে এখনো অবিশ্বাস্য মনে হয়। যারা তার ওপর বিশ্বাস রেখেছেন, তাদের সবার জন্যই এই অর্জন বলে উল্লেখ করেন তিনি।
সংগীত জগতে সঞ্জয় ইতোমধ্যেই দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপ-আমেরিকার বিভিন্ন অঙ্গনে নিজের উপস্থিতি জানান দিয়েছেন। তবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার সুযোগ তাকে আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় স্বীকৃতির সামনে দাঁড় করিয়েছে বলে মনে করছেন সংগীত সংশ্লিষ্টরা।
ফিফা (FIFA) জানিয়েছে, দর্শকদের আগেভাগে স্টেডিয়ামে উপস্থিত হতে উৎসাহিত করতেই প্রতিটি ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে অনুষ্ঠান শুরু করা হবে। মেক্সিকোর উদ্বোধনী অনুষ্ঠান হবে ১৬ মিনিট ৩০ সেকেন্ডের, আর যুক্তরাষ্ট্র ও কানাডার আয়োজিত অনুষ্ঠানগুলোর দৈর্ঘ্য নির্ধারণ করা হয়েছে ১৩ মিনিট।
এছাড়া টুর্নামেন্ট চলাকালীন আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ফিলাডেলফিয়া ও হিউস্টনে বিশেষ উৎসব আয়োজন করবে ফিফা। সেখানে আরও আন্তর্জাতিক শিল্পীদের অংশ নেওয়ার কথাও জানিয়েছে সংস্থাটি।


