অতিরিক্ত বর্জ্য বিল নিলেই লাইসেন্স বাতিল, কঠোর হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের #ডিএসসিসি #বর্জ্য_ব্যবস্থাপনা #ঢাকা_দক্ষিণ_সিটি_করপোরেশন #ঈদুলআজহা #পরিচ্ছন্নতা

রাজধানীতে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে অনিয়ম ও নাগরিক ভোগান্তির অভিযোগের মধ্যে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (Dhaka South City Corporation)। বাসাবাড়ি থেকে নির্ধারিত ১০০ টাকার বেশি বর্জ্য সংগ্রহ বিল আদায় করলে এবং প্রতিদিনের ময়লা প্রতিদিন অপসারণ না করলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

সোমবার (১১ মে) রাজধানীর নগর ভবন অডিটরিয়ামে বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলোর (পিসিএসপি) সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কঠোর বার্তা দেন।

সভায় আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ এবং নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম কার্যকর রাখার বিষয়ে একাধিক নির্দেশনা দেওয়া হয়। সভায় প্রশাসক ক্ষোভ প্রকাশ করে বলেন, অনেক প্রতিষ্ঠান নির্ধারিত টাকার চেয়ে বেশি অর্থ আদায় করছে এবং নিয়মিত ময়লা সংগ্রহ করছে না। এমন অনিয়ম কোনোভাবেই সহ্য করা হবে না।

তিনি স্পষ্টভাবে জানান, প্রতিটি ফ্ল্যাট বা বাসাবাড়ি থেকে মাসিক সর্বোচ্চ ১০০ টাকা আদায় করা যাবে এবং তা অবশ্যই নির্ধারিত রশিদের মাধ্যমে সংগ্রহ করতে হবে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ‘দিনের বর্জ্য দিনেই’ অপসারণ নিশ্চিত করতে হবে। কোনো এলাকায় ময়লা জমে থাকা যাবে না। বিশেষ করে ঈদুল আজহার সময় বর্জ্য ব্যবস্থাপনায় কোনো ধরনের ঢিলেমি বরদাস্ত করা হবে না।

কোরবানির ঈদের তিন দিন কোনো পরিচ্ছন্নতা কর্মী বা সংশ্লিষ্ট কর্মকর্তা ছুটিতে থাকতে পারবেন না বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি ওয়ার্ড সম্পূর্ণ বর্জ্যমুক্ত না হওয়া পর্যন্ত কর্মীদের মাঠে থাকতে হবে। পাশাপাশি পিসিএসপি ঠিকাদারদের সরাসরি মাঠে উপস্থিত থেকে কাজ তদারকি করার নির্দেশ দেওয়া হয়েছে। পর্যাপ্ত ভ্যান ও জনবল নিশ্চিত করার কথাও বলা হয়।

নাগরিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করার পাশাপাশি পরিচ্ছন্নতাকর্মীদের পরিচ্ছন্ন পোশাকে দায়িত্ব পালনের ওপরও গুরুত্ব আরোপ করেন প্রশাসক।

সভায় আরও জানানো হয়, রাস্তা বা খালে ময়লা ফেললে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। কোনো বাসাবাড়ি থেকে নির্ধারিত স্থানে বর্জ্য না রেখে রাস্তায় বা খালে ফেলা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসক আবদুস সালাম বলেন, বর্জ্য ব্যবস্থাপনা শুধু একটি সেবামূলক কাজ নয়, এটি সামাজিক ও মানবিক দায়িত্বেরও অংশ। চুক্তির শর্ত ভঙ্গ করলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কঠোর ব্যবস্থা নিতে পিছপা হবে না।

সভায় ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি প্রাথমিক বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।