সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতে জরুরি নির্দেশনা

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে জরুরি নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় (Ministry of Primary and Mass Education)।

সোমবার (১১ মে) এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের সময় পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে নানা ধরনের অনিয়ম ও অব্যবস্থাপনা দেখতে পেয়েছে। এর ফলে জনমনে প্রাথমিক বিদ্যালয় সম্পর্কে বিরূপ ধারণা তৈরি হওয়ার পাশাপাশি শিক্ষার সুষ্ঠু পরিবেশও ব্যাহত হচ্ছে।

বিদ্যালয়ের পরিবেশ উন্নত করতে সরকারি স্থাপনার যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। এ জন্য নিয়মিত বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

এ ছাড়া বিদ্যালয় ভবনের ছাদ নিয়মিত পরিষ্কার রাখা এবং ভবনের কার্নিশে জন্ম নেওয়া আগাছা অপসারণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।